Asia Cup 2023: এশিয়া কাপের আগে ODI নিয়ে বিরাট মন্তব্য কোহলির! চার ও পাঁচ নম্বরে কাদের ভাবছেন দ্রাবিড়?
Asia Cup 2023: এশিয়া কাপ খেলতে কালই শ্রীলঙ্কা রওনা হচ্ছে ভারতীয় দল। ভারতের সাফল্য নির্ভর করবে বিরাট কোহলির ফর্মের উপর। আলুরের শিবিরে দারুণ ছন্দে দেখা গিয়েছে কিং কোহলিকে।
এশিয়া কাপের পর অস্ট্রেলিয়া সিরিজ, তারপরেই বিশ্বকাপ। বিরাট কোহলির কথায় ধরা পড়ল আত্মবিশ্বাস। জানিয়ে দিলেন, তাঁর সেরাটা বেরিয়ে আসে এই ফরম্যাটেই।

ভারত বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। ১০ বছর ধরে আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। দেশের মাটিতে ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন ২০১১ সালের বিশ্বকাপের পুনরাবৃত্তির। স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে বিরাট কোহলি মুখ খুলেছেন ৫০ ওভারের ফরম্যাটের প্রতি তাঁর ভালোবাসার বিষয়টি নিয়ে।
কোহলির কথায়, আমি একদিনের আন্তর্জাতিক খেলতে ভালোবাসি। আমি মনে করি এই ফরম্যাটেই কোনও ক্রিকেটারকে সেরা পরীক্ষা দিতে হয়। টেকনিক, কম্পোজার, ধৈর্য্য, পরিস্থিতি অনুযায়ী খেলা, খেলার বিভিন্ন পর্যায়ে আলাদা আলাদা রকমের খেলার মধ্যে দিয়েই ব্যাটারদের সেই পরীক্ষা হয় বলে মন্তব্য কিং কোহলির।

বিরাট আরও বলেন, আমি মনে করি এই ফরম্যাটই আমার সেরা ক্রিকেট বের করে আনে। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। দলকে জেতাতে যখন যেমন খেলার দরকার তেমন খেলে থাকি। আমি সব সময় এমনটা করি। ফলে নিয়মিত নিজের পরীক্ষা নেওয়ার সুযোগ করে দেয় এই ফরম্যাট। ব্যাটিংয়ের সমস্ত দিকের পরীক্ষার মধ্যেই নিজেকে বুঝে নেওয়ার সুযোগ মেলায় ওডিআই উপভোগ করেন কিং কোহলি।
একদিনের আন্তর্জাতিকে প্রথমে ব্যাটিং করার সময় বিরাটের গড় ৪৮, রান তাড়া করার সময় ৬৬। ৪৬টি শতরানের ২৬টিই রান তাড়া করতে গিয়ে। পরে ব্যাট করতে গিয়ে ওডিআইয়ে সর্বাধিক শতরানের রেকর্ডটিরও মালিক বিরাট। গত বছর টি ২০ বিশ্বকাপে বিরাট যেভাবে দায়িত্ব নিয়ে দলকে জিতিয়েছিলেন তার প্রশংসা করে মহম্মদ কাইফ বলেছেন, এশিয়া কাপে শতরানের খরা মেটার ইতিবাচক ফল মিলেছিল বিশ্বকাপে।
এদিকে, অনেক ক্রিকেটার বিরাট কোহলিকে চারে খেলানোর পরামর্শ দিলেও ভারতীয় দল সে পথে হাঁটবে না। হেড কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, চার ও পাঁচে খেলানোর জন্য ১৮-১৯ মাস আগেই আমরা ঠিক করে রেখেছি শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল ও ঋষভ পন্থকে। কিন্তু তাঁদের চোটের কারণেই অন্য ক্রিকেটারদের ওই পজিশনে নামাতে বাধ্য হওয়ার কথাও উল্লেখ করেছেন দ্রাবিড়।












Click it and Unblock the Notifications