Asia Cup 2023: বিরাট কোহলিকে টেক্কা দিলেন শুভমান গিল, ইয়ো ইয়ো টেস্টে চমকপ্রদ স্কোর ভারতীয় ওপেনারের
Asia Cup 2023: বিরাট কোহলি নন। ভারতীয় দলে এই মুহূর্তে সবচেয়ে ফিট ক্রিকেটারের নাম শুভমান গিল। ইয়ো ইয়ো টেস্টেই মিলল তার প্রমাণ। বেঙ্গালুরুর কাছে আলুরে ভারতীয় দলের ৬ দিনের ফিটনেস ও কন্ডিশনিংয়ের শিবির শুরু হয়েছে।
ইয়ো ইয়ো টেস্টের ফলাফল নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় বিরাট কোহলিকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। তবে বিসিসিআই সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় দলের সব ক্রিকেটারই ইয়ো ইয়ো টেস্টে উত্তীর্ণ হয়েছেন। কয়েকজন এই পরীক্ষা দেননি।

বিরাট কোহলির ইয়ো ইয়ো টেস্টের স্কোর ছিল ১৭.২। গোপনীয় তথ্য জনসমক্ষে না আনতে ইতিমধ্যেই কোহলি ও সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, অধিনায়ক রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়ারও ইয়ো ইয়ো টেস্টে উত্তীর্ণ হতে বেগ পেতে হয়নি। তবে তাঁদের স্কোর জানা যায়নি। ভারতীয় দলে যখন ইয়ো ইয়ো টেস্ট চালু হয় তখন মাপকাঠি ছিল ১৬.১, এখন তা হয়েছে ১৬.৫।
ইয়ো ইয়ো টেস্টের স্কোর অবশ্য একেক দিন একেক রকম হতে পারে। কেউ আজ ১৭ স্কোর করলে এক সপ্তাহ বাদে ১৯-এ পৌঁছে যেতে পারেন, এমনকী উল্টোটাও হতে পারে। যে ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজে টি ২০ সিরিজে খেলেননি বৃহস্পতিবার তাঁদের ইয়ো ইয়ো টেস্ট হয়েছে। ফিটনেস ড্রিলেও অংশ নিয়েছেন। লোকেশ রাহুল ফিটনেস ড্রিলে থাকলেও ইয়ো ইয়ো টেস্ট দেননি।
জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণর মতো যাঁরা চোট সারিয়ে দলে ফিরেছেন তাঁদেরও ইয়ো ইয়ো টেস্ট দিতে হয়নি বলে জানা যাচ্ছে। শিবির চলাকালীন ক্রিকেটারদের লিপিড প্রোফাইল, সুগার, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন বি ১২ ও ভিটামিন ডি, ক্রিয়েটিনিন, টেস্টোস্টেরন, ডেক্সা টেস্টের রিপোর্ট দেখে নেওয়া হবে। ইয়ো ইয়ো টেস্টের স্কোর ১৬.৫ থেকে ১৯-এর মধ্যে রাখতে হয়।

ভারতীয় দলের যাঁরা এই টেস্ট দিয়েছিলেন তাঁদের মধ্যে সবচেয়ে ভালো স্কোর শুভমান গিলের (১৮.৭)। বেশিরভাগ ক্রিকেটারেরই স্কোর রয়েছে ১৬.৫ থেকে ১৮-র মধ্যে। শিবিরের শেষ দু-দিন ম্যাচ পরিস্থিতি অনুযায়ী অনুশীলন করবে ভারতীয় দল। ৩০ অগাস্ট শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে।












Click it and Unblock the Notifications