Asia Cup 2023: রোহিত-শুভমান জুটিতে নাস্তানাবুদ নেপাল, সুপার ফোরে ফের কবে ভারত-পাকিস্তান দ্বৈরথ?
Asia Cup 2023: পাকিস্তানের পর গ্রুপ এ থেকে সুপার ফোরে পৌঁছে গেল ভারত। তবে রোহিত শর্মারা গ্রুপের দ্বিতীয় স্থান দখল করেই শেষ আটে গেলেন। ডিএলএস মেথডে জয় এলো ১০ উইকেটে, ১৭ বল বাকি থাকতেই।
আজ পাল্লেকেলেতে ভারত ২৩১ রানের টার্গেট তাড়া করতে নামার পর বৃষ্টিতে অনেকক্ষণ খেলা বন্ধ থাকে। অবশেষে ২৩ ওভারে ভারতের টার্গেট স্থির করা হয় ১৪৫ রান। যা আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে তুলে ফেলল ভারত।

রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিকে ৪৯তম অর্ধশতরানটি পূর্ণ করলেন ৩৯ বলে। শুভমান গিল এদিন পেলেন সপ্তম ওডিআই হাফ সেঞ্চুরি। তিনি অর্ধশতরান পূর্ণ করতে নিলেন ৪৭ বল। রোহিত শর্মা ৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৫৯ বলে ৭৪ রানে অপরাজিত রইলেন। শুভমান গিল আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৬২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন।

আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওপেনার তথা উইকেটকিপার আসিফ শেখের ৫৮ ও সোমপাল কামির ৪৮ রানের দৌলতে ৪৮.২ ওভারে ২৩০ রান তুলেছিল নেপাল। রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ তিনটি করে এবং মহম্মদ শামি, হার্দিক পাণ্ডিয়া ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট দখল করেন।
কাল আফগানিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার দ্বৈরথ। সেই ম্যাচের পরেই স্পষ্ট হবে বি গ্রুপে কোন দল কোন স্থানে থেকে শেষ চারে গেল। বড় অঘটন না ঘটলে শ্রীলঙ্কা ও বাংলাদেশই সুপার ফোরে জায়গা করে নিচ্ছে। ভারত এ গ্রুপে দ্বিতীয় স্থান পাওয়ায় পাকিস্তান ম্যাচ হবে ১০ সেপ্টেম্বর।
এ ছাড়া ১২ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর ভারতের দুটি ম্যাচ থাকবে। বি গ্রুপে শ্রীলঙ্কা যদি শীর্ষে থাকে এবং বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকে তাহলে ১২ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ও ১৫ সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ ম্যাচ পড়বে।
বাংলাদেশের কাছে হারের পর এমনিতেই আফগানিস্তানের নেট রান রেট খুব খারাপ। সুপার ফোরে যেতে হলে আফগানদের সামনে কঠিন সমীকরণ। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭৫ তুললে জয় পেতে হবে ৬৮ রানে। রান তাড়া করলে যে কোনও টার্গেটে পৌঁছতে হবে ৩৫ ওভার বা তার কমে। ফলে বলাই যায়, সুপার ফোরে শ্রীলঙ্কা ও বাংলাদেশই যাচ্ছে। সেপ্টেম্বরের ১৭ তারিখ ফাইনাল। কলম্বো থেকে সুপার ফোরের ম্যাচগুলি হাম্বানটোটায় সরানো হতে পারে।












Click it and Unblock the Notifications