Asia Cup 2023: এশিয়া কাপ জিতলেও বিশ্বের ১ নম্বর ওডিআই দল হতে পারবে না ভারত, কারণ জেনে নিন
Asia Cup 2023: এশিয়া কাপের ফাইনালে কাল কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারত খেলতে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে রোহিত শর্মার দল শুরু করবে ফেভারিট হিসেবেই।
কিন্তু বাংলাদেশের কাছে পরাজয়ের জেরে ভারতীয় দল এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও এক অবিস্মরণীয় নজির তৈরি থেকে বঞ্চিতই থাকতে হবে মেন ইন ব্লুকে।

টেস্ট ও টি ২০ আন্তর্জাতিকে এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর দল ভারত। গতকাল যদি বাংলাদেশকে রোহিতরা হারাতে পারতেন তাহলে তিন ফরম্যাটেই বিশ্বের ১ নম্বর দল হয়ে যেত মেন ইন ব্লু। তার জন্য দরকার ছিল দুটি শর্ত। ভারতকে জিততে হতো টাইগারদের বিরুদ্ধে। আরেকটি শর্ত ছিল দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে।

গতকাল অজিদের বিরুদ্ধে ১৬৪ রানে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতের পক্ষেই গিয়েছিল বিষয়টি। কিন্তু ভারত শেষ বল অবধি লড়াই চালিয়েও ৬ রানে হেরে যায়। এই পরাজয়ের ফলে আইসিসি ওডিআই দলগত ক্রমতালিকায় ভারত চলে গিয়েছে তিন নম্বরে। এশিয়া কাপ জিতলেও একে আসার সম্ভাবনাই নেই।
অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে, পয়েন্ট ৩১১২, রেটিং ১১৫.২৫৯। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ৩১০২, রেটিং ১১৪.৮৮৯। ভারতের পয়েন্ট ৪৫৫৮, রেটিং ১১৪। দক্ষিণ আফ্রিকার কাছে যদি শেষ ম্যাচে অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে পাকিস্তান বিশ্বের এক নম্বর ওডিআই দলের আসনটি পুনর্দখল করবে।
দক্ষিণ আফ্রিকা থেকে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে ভারতের বিরুদ্ধে তিন ম্য়াচের ওডিআই সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের ফলাফল বিশ্বের ১ নম্বর ওডিআই দল নির্ধারণ করে দেবে। দুই দলই বিশ্বকাপ অভিযানে নামার আগে এই সিরিজটি জিততে চাইবে। এই সিরিজের পরই বোঝা যাবে বিশ্বের ১ নম্বর ওডিআই দল হিসেবে কারা বিশ্বকাপে নামবে।












Click it and Unblock the Notifications