করোনার আবহে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ঘোষণা
করোনার জেরে এবার বাতিল এশিয়া কাপ, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ঘোষণা
করোনা ভাইরাসের জেরে কার্যত বাতিলই হল এশিয়া কাপ। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে অতিমারী পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। ২০২৩ সালের মধ্যে আর এই টুর্নামেন্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছেন বোর্ডের প্রধান অ্যাশলে ডি সিলভা। যদিও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে এ ব্যাপারে সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি।

২০২০ সালে ৬ দেশের এশিয়া কাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয়েছিল টু্র্নামেন্ট। চলতি বছরই হওয়ার কথা ছিল হাই-প্রোফাইল ইভেন্ট। ইতিমধ্যে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বিশ্বে। রোজ নতুন করে কোভিড ১৯ পজিটিভ হচ্ছেন বহু মানুষ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নামা না নেওয়ায় এ বছরের জন্য এশিয়া কাপ বাতিল করার পক্ষেই মত দিয়েছে আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
২০২২ এবং ২০২৩ সালে ঠাঁসা ক্রীড়াসূচি থাকায় তার মধ্যে আর এশিয়ার কাপ আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান অ্যাশলে ডি সিলভা। ২০২৩ সালের পর ফের টুর্নামেন্টের আসর বসানো হবে বলে জাানানো হয়েছে। এ ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আনুষ্ঠানিক ঘোষণা হওয়া বাকি।
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার পাশাপাশি এবারের এশিয়া কাপে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ, আফগানিস্তান, মালেশিয়ার। ২০১৮ সালে শেষ বার হয়েছিল এই টুর্নামেন্ট। বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারের এশিয়া কাপেও ৬ দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা। টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ায় তাঁরা হতাশই হয়েছেন।












Click it and Unblock the Notifications