হরভজন-লিয়ঁকে টপকে অশ্বিন এখন কুম্বলের পিছনে! নাগপুর টেস্টে অস্ট্রেলিয়া ইনিংস হারের মুখে
নাগপুরে টেস্টে অস্ট্রেলিয়া ইনিংস হারের মুখে। রবিচন্দ্রন অশ্বিন হয়ে গেলেন বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী।
নাগপুর টেস্ট ইনিংস হারের মুখে অস্ট্রেলিয়া। ভারত আজ টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিয়েছিল। এরপর অজি ব্যাটারদের অবস্থা আয়ারাম-গয়ারামের মতো। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিন-জুটির কাছে অসহায় আত্মসমর্পণ করলেন বিশ্বের ১ নম্বর টেস্ট দলের ব্যাটাররা।

অশ্বিন ম্যাজিক
রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে পেয়েছিলেন ৩ উইকেট। এদিন তিনি টেস্ট কেরিয়ারে ৩১তম বার ইনিংসে পাঁচটি উইকেট ঝুলিতে পুরলেন। অস্ট্রেলিয়ার আউট হওয়া ৮ ব্যাটারের মধ্যে অশ্বিনের শিকার ৫ জন। এর সুবাদে তিনি বর্ডার-গাভাসকর ট্রফিতে আপাতত দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী। এদিন অশ্বিন টপকে গেলেন হরভজন সিং ও নাথান লিয়ঁর ভারত-অস্ট্রেলিয়া টেস্টে নেওয়া ৯৫টি উইকেট দখলের নজির। সর্বাধিক উইকেটশিকারী অনিল কুম্বলের পরেই এখন অশ্বিন।

অজিদের বিরুদ্ধে অনবদ্য ট্র্যাক রেকর্ড
অশ্বিন এই প্রতিবেদন লেখা অবধি ৮৯টি টেস্টে ১৬৮ ইনিংসে ৪৫৭টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ট্র্যাক রেকর্ড ঈর্ষণীয়। অজিদের বিরুদ্ধে ১৯তম টেস্ট খেলছেন অশ্বিন। ইতিমধ্যেই ৩৬ ইনিংসে তিনি ৯৭টি উইকেট দখল করেছেন। তার মধ্যে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ১০টি টেস্টে ১৮ ইনিংসে তাঁর ৩৯টি উইকেট রয়েছে। এই নিয়ে ষষ্ঠবার অজিদের বিরুদ্ধে তিনি ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অশ্বিন ইনিংসে পাঁচ উইকেট নিয়েছে ৬ বার করে।
|
বিধ্বংসী বোলিং
দেশের মাটিতে অশ্বিন নিজের টেস্ট কেরিয়ারের ৫২তম টেস্ট খেলছেন। ১০১টি ইনিংসে তিনি ৩২০টি উইকেট দখল করেছেন এখনও পর্যন্ত। এদিন নিয়ে ২৫ বার তিনি ভারতের মাটিতে ইনিংসে পাঁচ নিলেন। ২০২১ সালে অশ্বিন ৯ টেস্টে ৫৪টি উইকেট দখল করেছিলেন। গত বছর ৬টি টেস্টে পান ২০টি উইকেট। চলতি বছর প্রথম টেস্টেই এখনও অবধি তাঁর ঝুলিতে গিয়েছে ৮টি উইকেট।
|
সামনে শুধু কুম্বলে
মধ্যাহ্নভোজের বিরতির পর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ২৭তম ওভারের মধ্যেই ৮ উইকেট হারিয়ে ইনিংস হারের মুখে পৌঁছে গিয়েছে প্যাট কামিন্সের দল। উসমান খোয়াজা (৫), ডেভিড ওয়ার্নার (১০), ম্যান রেনশ (২), পিটার হ্যান্ডসকম্ব (৬) ও অ্যালেক্স ক্যারি (১০) অশ্বিনের শিকার। রবীন্দ্র জাদেজা ২টি ও অক্ষর প্যাটেল ১ উইকেট পেয়েছেন। অশ্বিন আপাতত ৩৭ রানে ৫ উইকেট দখল করেছেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অনিল কুম্বলেরষ ২০ টেস্টে ৩৮ ইনিংসে তিনি ১১১টি উইকেট নিয়েছেন। অশ্বিন এখনও অবধি ১৯টি টেস্ট খেলে ৩৬ ইনিংসে ৯৭টি উইকেট তুলে নিয়েছেন অজিদের বিরুদ্ধে। হরভজন সিং ও নাথান লিয়ঁর ৯৫টি করে উইকেট রয়েছে। যে ফর্মে অশ্বিন রয়েছেন তাতে কুম্বলের রেকর্ডটিও ভেঙে দিতেই পারেন।












Click it and Unblock the Notifications