IPL 2025: বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে কড়া নিয়ম কেন? ব্যাখ্যা দিলেন আইপিএল চেয়ারম্যান
যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে গত শনিবারই আইপিএল নিলাম সংক্রান্ত যাবতীয় নিয়মনীতি প্রকাশ করেছে আইপিএল গর্ভনিং কাউন্সিল। ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার মিলিয়ে সর্বোচ্চ ৫ জনকে ধরে রাখতে পারবে দলগুলি। অ্যানক্যাপ ক্রিকেটার ধরে রাখা যাবে আরও ২ জন।
বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও কড়া নিয়ম করেছে বিসিসিআই। নিলাম দল পাওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ২ মরশুমের জন্য নির্বাসিত করা হবে। কিন্তু কেন বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এমন কঠোর সিদ্ধান্ত নিল বিসিসিআই? একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার ব্যাখ্যা দিয়েছেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল।

নিলামে বিদেশি ক্রিকেটারকে নেওয়ার পর অনেক সময়ই তাঁরা টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের নাম প্রত্যাহার করে নেন, এতে ফ্র্যাঞ্চাইজির রণকৌশলে প্রভাব পড়ে। এর আগে ফ্রাঞ্চাইজিগুলি এই নিয়ে বোর্ডের কাছে অভিযোগ জানিয়েছিল। এই বিষয়ে অরুণ সিং ধুমল জানিয়েছেন, ' কোনও বিদেশি ক্রিকেটার দল পাওয়ার পর আইপিএল শুরুর আগে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলে তাঁকে বৈধ কারণ দেখাতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
ধুমল আরও জানিয়েছেন, ' আসলে দলগুলি ক্রিকেটারদের নেয় নির্দিষ্ট পরিকল্পনা করে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটাররা নাম প্রত্যাহার করে নিলে তাতে বিপদে পড়ে দলগুলি। দলগুলিকে এই ধরনের সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্যই বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এই কড়া নিয়ম চালু করা হচ্ছে।'
ধুমল আরও বলেন, এটি দিনের শেষে একটি দলীয় খেলা। সবাইকে ১০০% দায়বদ্ধতা দেখাতে হবে। যদি কোনও ক্রিকেটার খেলার প্রতিশ্রুতি দেয় তখন তাঁকে খেলতেই হবে। অন্যথায়, এটি একটি মেডিকেল কারণ হতে হবে, যেখানে তাদের দেশীয় বোর্ডকে লিখিতভাবেও জানাতে হবে যে এটি একটি বৈধ চোট বা শারীরিক সমস্যার কারণে খেলোয়াড় যোগ দিতে অক্ষম।'
এবার নভেম্বর মাসের শেষ দিকে নিলাম হতে পারে। সম্ভবত বিদেশেই আইপিএলের নিলাম হবে চলতি বছরে।












Click it and Unblock the Notifications