Arjun Tendulkar: ৯ উইকেট অর্জুন তেন্ডুলকরের! সচিন-পুত্রের দাপটে বড় জয় গোয়ার
Arjun Tendulkar: ম্যাচে ৯ উইকেট। বল হাতে বিধ্বংসী অর্জুন তেন্ডুলকর। গোয়ার হয়ে কর্নাটকের বিরুদ্ধে প্রাক-মরশুম টুর্নামেন্টে দুরন্ত সচিন-পুত্র।
অর্জুনের দাপটেই ড. (ক্যাপ্টেন) কে থিমাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্ট বা কেএসসিএ আমন্ত্রণী টুর্নামেন্টে ইনিংস ও ১৮৯ রানে জয় পেল গোয়া।

ভারতীয় টেস্ট দলের বাইরে থাকা ক্রিকেটাররা দলীপ ট্রফি বা ইরানি কাপে খেলছেন বা খেলবেন টেস্ট দলে সুযোগের লক্ষ্যে। রঞ্জি ট্রফি শুরুর আগে বিভিন্ন দল হয় আমন্ত্রণী প্রতিযোগিতা খেলছে, নয়তো অনুশীলন ম্যাচ খেলছে। তেমনই টুর্নামেন্ট চলছে কর্নাটকে।
অর্জুন প্রথম ইনিংসে ১৩ ওভার হাত ঘুরিয়ে ৪১ রানের বিনিময়ে পাঁচ উইকেট দখল করেছিলেন অর্জুন। যার সুবাদে ৩৬.৫ ওভারে মাত্র ১০৩ রানে গুটিয়ে গিয়েছিল কর্নাটক। এরপর অভিনব তেজরানার ১০৯ ও মন্থন খুতকারের ৬৯ রানে ভর করে প্রথম ইনিংসে গোয়া তোলে ৪১৩।
৩১০ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ কর্নাটকের ব্যাটিং লাইন আপ। ৩০.৪ ওভারে মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। ১৩.৩ ওভার হাত ঘুরিয়ে ৪৬ রান খরচ করে চার উইকেট ঝুলিতে পোরেন অর্জুন। যার ফলে ম্যাচে তিনি ২৬.৩ ওভারে ৮৭ রান দিয়ে নিলেন ৯ উইকেট।
২০২২-২৩ মরশুমে গোয়ার হয়েই রঞ্জি অভিষেক হয় অর্জুনের। মুম্বই দলে তেমন সুযোগ না পেয়ে সচিন-পুত্র গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৩টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ২১টি উইকেট আছে। গড় ৪৫.১৯। আইপিএলে অর্জুন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। বাবা ও ছেলের আইপিএল খেলার নজির আর কারও নেই।
২০২৩ সালের আইপিএলে চারটি ও চলতি বছরের আইপিএলে একটি ম্যাচ খেলেন অর্জুন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ রানের পুঁজি নিয়ে শেষ ওভার বল করতে গিয়ে অর্জুন নিজের প্রথম আইপিএল উইকেটটি তুলে নিয়েছিলেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে অর্জুন ৪৯টি ম্যাচ খেলেছেন, তাঁর ৬৮টি উইকেট রয়েছে। ২৪ সেপ্টেম্বর অর্জুনের ২৫ বছর পূর্ণ হবে।












Click it and Unblock the Notifications