ডায়মন্ড হারবারে ভোট লুট হয়েছে, কেউ মামলা করলে পাশে থাকবেন, জানালেন শুভেন্দু
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট লুট হয়েছে। বৃহস্পতিবার বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান পালন করা হয়। সেখানেই এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা।
ডায়মন্ড হারবার মডেল সম্পর্কে খোঁচা দেন শুভেন্দু অধিকারী। ওই কেন্দ্রে এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। ৭ লক্ষ ১০ হাজার ভোটে জিতেছেন অভিষেক। ডায়মন্ড হারবারে ভোট হয়নি। ওই কেন্দ্রে ভোট লুট হয়েছে। জোর গলায় এই দাবি করলেন শুভেন্দু।

" যেভাবে ক্যামেরা ওয়েব ক্যামেরাগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যেভাবে ইভিএমে স্টিকার লাগানো হয়েছে, জোড়া ফুল ছাড়া আর সবে স্টিকার লাগিয়েছে। প্রধানত পদ্মফুল টার্গেট ছিল। কিন্তু তারপরও রিক্স নেয়নি। লোক যদি নোটায় দিয়ে দেয়। সেজন্য সবগুলোর উপর স্টিকার লাগিয়েছে।" এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।
" ডায়মন্ড হারবারের নির্বাচন অবৈধ। এটা আইনি লড়াইতে প্রমাণ হবে। এজন্য যে বা যারা এফেক্টেড, ভোটার হতে পারে, প্রার্থী হতে পারে। যারাই আদালতে গিয়ে আইনি লড়াই লড়বেন। তাকে সাপোর্ট শুভেন্দু অধিকারী দেবেন। " এই গুরুত্বপূর্ণ কথা নিজেই বললেন রাজ্যের বিরোধী দলনেতা। যদি কোনও নির্দল প্রার্থী বা অন্য কোনও দলের প্রার্থী আদালতে লড়তে চান, তাহলেও তিনি তার সঙ্গে আছেন। ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী সাহায্য করবেন। এই কথাও তিনি জানালেন।
গণতন্ত্রে এই জিনিস হয় না। ডায়মন্ড হারবারে যে মডেল দেখেছে বাংলা, এই মডেল গ্রহণযোগ্য নয়। সংবেদনশীল নাগরিক হিসেবে এই নির্বাচন মানতে পারছেন না শুভেন্দু অধিকারী। জোর গলায় এই কথা বলেছেন তিনি। এর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সম্পর্ক নেই। ওটা সম্পূর্ণ আলাদা একটি দিক।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রেকর্ড ভোটে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্রের ভোটের দিন ঝামেলা হয়। বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বহু জায়গাতেই বিক্ষোভ, বাধার মুখে পড়তে হয়েছিল। তবে নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের ভোট নিয়ে বেশি কথা বাড়ায়নি।
বিজেপি প্রার্থী নিজে ডায়মন্ড হারবারের ভোটের প্রসঙ্গে আদালতে যাবেন। এই কথা তিনি জানিয়েছিলেন। কিন্তু এখন তাঁকেই বিজেপি শোকজ করেছে বলে খবর।












Click it and Unblock the Notifications