মঞ্চে চলছিল প্রেমের গান, কিন্তু শিল্পীকে ছুঁয়ে দেখতে গিয়েই কাটল তাল, ঘটনায় ক্ষুব্ধ সোনু নিগম!
প্রায় এক মাসের বেশি সময় ধরে প্রচার চলছিল যে, কলকাতায় কনসার্ট করতে চলেছেন মেলোডি স্টার সোনু নিগম। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঝুড়ি ঝুড়ি পোস্ট হচ্ছিল সেই সংক্রান্ত বিষয়ে। ফলে স্বাভাবিক ভাবেই সোনুর সুরে মেতে উঠতে ভিড়ও জমেছিল সেরকম।
রবিবার অর্থাৎ ৯ ফেব্রুয়ারি রাজারহাটের অ্যাকোয়াটিকায় জমজমাট কনসার্টে গানের সুরের মূর্চ্ছনায় মাতিয়েছিলেন সোনু নিগম। প্রেমের সপ্তাহে শহরের দর্শকদের মন ভরানোর জন্য মঞ্চে উঠলেও মাঝপথেই ছন্দপতন ঘটে তাঁর। দর্শকদের অনিয়ন্ত্রিত আচরণে বিরক্ত হয়ে সরাসরি তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এই জনপ্রিয় গায়ক। পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে ওঠে যে, সোনু নিগম দর্শকদের উদ্দেশে খানিকটা চিৎকার করে বলে ওঠেন, "যাও, গিয়ে ভোটে গিয়ে দাঁড়াও!"

ঠিক কী কারণে মেজাজ হারান সোনু? রবিবাসরীয় সন্ধ্যায় গায়ক একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করছিলেন। দর্শকাসন ছেড়ে অনেকে সামনে চলে আসছিলেন ছবি তোলার জন্য, কেউ বা বারবার উঠে বিশৃঙ্খলা তৈরি করছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে পারফর্ম করতে বাধ্য শিল্পীরা, অথচ দর্শকদের অনুরোধের চাপও সামলাতে হয় তাদের। এই বিশৃঙ্খলার মধ্যেই গান গাইতে ব্যাঘাত ঘটলে সোনু বিরক্ত হয়ে দর্শকদের শাসন করেন। মঞ্চ থেকেই তিনি বলেন, "এত যখন দাঁড়িয়ে থাকার শখ, তাহলে ভোটে গিয়ে দাঁড়ান! একদম চুপ করে বসুন"।
এরপর দর্শকদের উদ্দেশে তার বার্তা, "দয়া করে তাড়াতাড়ি বসুন। বাইরে যেতে হলে চলে যান। আমার সময় চলে যাচ্ছে। এরপরও তো গান গাইতে হবে"।
সোনু নিগমের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই গায়কের আচরণকে সমর্থন করলেও, কেউ কেউ বলছেন এটি শিল্পীর প্রতি অপমান। অন্যদিকে, আয়োজকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। একাংশের মন্তব্য, "এত বিশৃঙ্খলার দায় কি কেবল দর্শকদের? আয়োজকদের কি কোনো ভূমিকা নেই?" কেউ বা বলছেন, "শেষমেশ সোনু স্যরকেই দর্শকদের ভিড় সামলাতে হল!"
সব মিলিয়ে সোনু নিগমের কলকাতা কনসার্ট এখন চর্চার শিরোনামে। তবে সোনুর এই ভাবে শাসন অনেকেই উপভোগ করেছেন।












Click it and Unblock the Notifications