‘আসছে পৌলমী’, সামনে এল ‘বৌদি ক্যান্টিন’–এ শুভশ্রীর প্রথম লুক
‘আসছে পৌলমী’, সামনে এল ‘বৌদি ক্যান্টিন’–এ শুভশ্রীর প্রথম লুক
হালকা নীল রঙের সাদামাটা শাড়ি, পরনে গোলাপি ব্লাউজ, সিঁথিতে হালকা সিঁদুর, কাঁধে ব্যাগ ও হাতে খাবারের ব্যাগ। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'বৌদি ক্যান্টিন’ সিনেমার প্রথম লুক প্রকাশ্যে আনলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই তাঁর এই লুকস তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেন।

প্রকাশ্যে ‘বৌদি ক্যান্টিন’–এ শুভশ্রীর লুকস
পরমব্রতর 'বৌদি ক্যান্টিন'-এর মুখ্য ভূমিকায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পাশাপাশি থাকছেন পরমব্রত, সোহম এবং অনসূয়া মজুমদার। এই ছবির অনুপ্রেরণা আসমা খান। কলকাতার মেয়ে শেফ আসমা বর্তমানে লন্ডনে একাধিক রেস্তোঁরার মালকিন। তাঁরই অনুপ্রেরণায় তৈরি হবে এই সিনেমা। 'বৌদি ক্যান্টিন'-এর চিত্রনাট্য লিখেছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে। রান্না করতে ভালোবাসে এমন মেয়ের অস্তিত্ব খোঁজবার গল্প বলবে এই ছবি। এই ছবিতে শুভশ্রীর স্বামীর ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। তবে সোহমের চরিত্র নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
আসছে পৌলমী
বুধবার সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী তাঁর নতুন লুক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'পৌলমী আসছে। প্রত্যেক মেয়ের মনের কথা নিয়ে।' 'হাবজি-গাবজি'র পর এই ছবিতে ফের জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও শুভশ্রী। উল্লেখ্য, ৩রা জুন মুক্তি পাচ্ছে 'হাবজি-গাবজি'।

শুভশ্রীর অভিনয় কেরিয়ার
সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ শুভশ্রী। স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে নিয়ে সংসার সামলে নিজের অভিনয়ের কাজ করছেন শুভশ্রী। ইউভানকে নিয়ে শুভশ্রী প্রায়ই পোস্ট দেন। এর পাশাপাশি স্বামী রাজ চক্রবর্তীর প্রতি ভালোবাসাও প্রকাশ পায় শুভশ্রীর একাধিক পোস্টে। মা হওয়ার পর ওজন বেড়ে যাওয়ায় সেভাবে সিনেমায় দেখা যায়নি তাঁকে। কিন্তু কঠোর পরিশ্রম করে শুভশ্রী ফের ফিরে এসেছেন স্বমহিমায়। শুরু করে দিয়েছেন একাধিক ছবির শুটিং।

আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু ছবির শুটিং
অপরদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রতর নতুন ছবি 'অভিযান'। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন তুলে ধরা হয়েছে এই ছবিতে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্পবয়সের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হবে 'বৌদি ক্যান্টিন'-এর শুটিং।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications