Buddhadeb Bhattacharjee: বুদ্ধবাবুর প্রয়াণে আজ শোক বিহ্বল শিল্পী মহলও, কী বললেন ঋতুপর্ণা, শুভাপ্রসন্নরা
বামজমানার একটি অধ্যায়ের অবসান হল। সকাল বেলা ঘুম থেকে উঠে যে এমন একটি খবর শুনতে হবে তা রাজ্যের কোনও মানুষই বিশ্বাস করেননি। খবরটি শোনার পরে পাম অ্যাভিনিউ-র বাড়িতে ভিড় জমতে শুরু করেছিল। ছুটে এসেছিলেন ঊষসী, শুভাপ্রসন্নরা।
রাজনৈতিক দিক দিয়ে শিল্পী শুভাপ্রসন্ন শাসক ঘনিষ্ঠ হলেও এদিন বুদ্ধবাবুকে শেষ দেখা দেখতে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন। তাঁর থেকে মাত্র বছর তিনেকের বড় ছিলেন বুদ্ধবাবু। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও শিল্পী শুভাপ্রসন্নর সঙ্গে সুসম্পর্ক ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বুদ্ধবাবুকে শেষ দেখা দেখতে এসে চিত্র শিল্পী বলেছেন এমন সৎ ব্যক্তি সহজে পাওয়া যায় না।

বুদ্ধবাবুর প্রয়াণে শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। অভিনেত্রীকে ভীষণ স্নেহ করতেন বুদ্ধবাবু। অভিভাবকের মতোই তাঁকে দেখে রাখতেন। খবরটা শোনার পর সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি বলেন অভিনেত্রী। একাধিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, 'আসলে এইসব ব্যক্তিরা বিরল এই পৃথিবীতে। তাঁদের মতো মানুষের নীতিবোধ, আদর্শ, শিক্ষা সমাজকে সবসময় এগিয়ে রেখেছেন। একজন সৎ নিষ্ঠাবান মানুষকে আমরা হারালাম।'
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বুদ্ধবাবুর ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'একজন সত্যিকারের গুণী মানুষ চলে গেলেন। ভালো থাকবেন বুদ্ধবাবু। '
বুদ্ধবাবুর প্রয়াণের খবর পেয়ে ছুটে গিয়েছিলেন পরিচালক গৌতম ঘোষ। সকাল সাড়ে আটটা নাগাদ মারা যান তিনি। খবরটা জানাজানি হতেই পাম অ্যাভিনিউর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন তিনি। যদিও বেশিক্ষণ ছিলেন না বলা ভাল বেশিক্ষণ থাকতে পারেননি। এমন মানুষের চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।












Click it and Unblock the Notifications