এবার আন্তর্জাতিক চলচ্চিত্রে সব্যসাচী চক্রবর্তী, সেলুলয়েডে উঠে আসছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ
১৬ ডিসেম্বর, ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এক গৌরবময় দিন। কারণ এইদিনেই ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনা যা বিশ্ব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ 'স্যারেন্ডার' নামে বিখ্যাত। ভারতের প্রত্যক্ষ সাহায্যে বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের কথা কারও অজানা নয়। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকারের কাজকর্ম চলত কলকাতা থেকে। এবার সেই "মুক্তিযুদ্ধ" হতে চলেছে বড়পর্দায়। রুদ্ধশ্বাস এই মুক্তিযুদ্ধের অবলম্বনে 'জেকে ১৯৭১' তৈরির পরিকল্পনা করেছেন বাংলাদেশের বিশিষ্ট পরিচালক ফাখরুল আরেফিন খান।

এই ছবির অন্যতম চমক দেশি-বিদেশি অভিনেতা। একাধিক বিদেশি অভিনেতার সঙ্গে এই ছবিতে কাজ করেছেন ভারতের স্বনামধন্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। অভিনয় করতে দেখা গিয়েছে শুভ্র সৌরভ দাসকে।
বিদেশি অভিনেতাদের মধ্যে অভিনয় করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড, রাশিয়ান অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো, অভিনেতা নিকোলাই নভোমিনাস্কি সহ তিরিশের বেশি অভিনয়শিল্পী।
সূত্রের খবর, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবর্ষের পাশাপাশি বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ছবি উপহার দিতে চেয়েছিলেন পরিচালক। কিন্তু মহামারীর কারণে ছবির কাজ শেষ হতে দেরি হয়। ইতিমধ্যে ছবির শুটিং এর পাশাপাশি এডিটিং-ডাবিং-ভিএফএক্স এর কাজ সম্পন্ন হয়েছে। সেই সময়ের রুদ্ধশ্বাস ঘটনাকে চোখের সামনে বড় পর্দায় দেখার জন্য উৎসুক দর্শকরা। পরিচালক জানিয়েছেন, ছবির কাজ শেষ হয়েছে। যত দ্রুত সম্ভব মুক্তিযুদ্ধের এই ছবি দর্শকদের সামনে নিয়ে আসার পরিকল্পনা চলছে।
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষকে সাহায্য করার জন্য হাত এসেছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। তারমধ্যে অন্যতম ছিলেন, ফরাসি এক যুবক জ্যঁ কুয়ের। তাঁর বিমান ছিনতাইয়ের ঘটনা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসের অর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করেন তিনি। তাঁর দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করছেন, তাঁদের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী দিতে হবে। জেকে-৭১ ছবিটির মূল কাহিনী এই ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
সব্যসাচী চক্রবর্তী ফেলুদা চরিত্রে জনপ্রিয় হলেও বেশ কয়েকটি হিন্দি ছবিতে দেখা গিয়েছে বাঙালির প্রিয় ফেলুদাকে। সেই তালিকায় রয়েছে খাঁটি,পরিণীতা,দিল সে র মতো ছবি। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রথম তিনি অভিনয় করেছেন।
জানা গিয়েছে, ছিনতাই যাওয়া বিমানের পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী। দেশের গণ্ডী ছাড়িয়ে আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে পা রাখতে চলেছে কলকাতার এই স্বনামধন্য অভিনেতা। তাই ভারতীয়দের পাশাপাশি বিশেষ করে বাঙালিদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য ছবিটি হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications