মালদ্বীপ থেকে ফিরে ব্যস্ত দেব–রুক্মিণী, নতুন সফর শুরু করলেন ‘কিশমিশ’–এর
মালদ্বীপ থেকে ফিরে ব্যস্ত দেব–রুক্মিণী
অভিনেতা দেবের হাত ধরেই টলিউডে প্রথমবার পা দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। এরপরই বন্ধুত্ব পরিণত হয়েছে প্রেমে। ইতিমধ্যেই দেব–রুক্মিণী জুটিকে দর্শকরা চ্যাম্প, কিডন্যাপ, কবীর, ককপিট, পাসওয়ার্ডের মতো সিনেমায় দেখেছেন। এবার ষষ্ঠ ছবি 'কিশমিশ’–এও দেখা যাবে দেব ও রুক্মিণীকে। দেবের নিজস্ব প্রযোজনার এই ছবিতে তিনি ও রুক্মিণী একসঙ্গে অভিনয় করবেন।

সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটিয়ে শহরে ফিরেছেন এই লাভ বার্ডস। আর এসেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। বুধবার বকরি ইদের পবিত্র দিনে এই 'কিশমিশ’ ছবির মহরত হয়ে গেল হইহই করে। কিশমিশ পরিচালনার দায়িত্বে থাকছেন নবাগত পরিচালক রাহুল মুখোপাধ্যায়। প্রসঙ্গত, গত বছর ফেব্রুয়ারি মাসেই এই ছবির ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনার কারণে এই ছবি শুরু হতে অনেকটা দেরি হয়ে যায়। এই ছবিতে দেব,রুক্মিনী ছাড়াও থাকছেন একঝাঁক পরিচিত মুখ এবং আগামী মাস থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। কিশমিশ ছবিতে এছাড়াও থাকছেন খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, লিলি চক্রবর্তীকে।
দেবের প্রযোজনায় এটি অষ্টম ছবি। ছবির যৌথ প্রযোজনায় থাকছে এমকে মিডিয়া। এই ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাবেন নীল চট্টোপাধ্যায়। বুধবার ছবির মহরত উপলক্ষ্যে সমস্ত কলা–কুশলীদের দেখা গেল একেবারে সাদা পোশাকে। এখন শুধুই অপেক্ষা আরও একবার রূপোলি পর্দায় দেব–রুক্মিণী ম্যাজিক দেখার।












Click it and Unblock the Notifications