অক্ষয়ের পর তাঁর ছবি ‘রাম সেতু’র ৪৫ জন জুনিয়র শিল্পী করোনা পজিটিভ
‘রাম সেতু’র ৪৫ জন জুনিয়র শিল্পী করোনা পজিটিভ
রবিবার অক্ষয় কুমারের করোনা ভাইরাস ধরা পড়ার পর এবার তাঁরই আসন্ন ছবি 'রাম সেতু’র ৪৫ জন জুনিয়র শিল্পী কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বইয়ের মাড আইল্যান্ডে এই ছবির শুটিংয়ের জন্য গত ৫ এপ্রিল একশো জন ক্রুয়ের যোগ দেওয়ার কথা ছিল। যদিও অক্ষয় কুমার ও ছবির প্রযোজক বিক্রম মালহোত্রা সিদ্ধান্ত নেন যে শুটিংয়ে আসার আগে সকলের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক। এরপরই ১০০ জন জুনিয়র শিল্পীদের মধ্যে ৪৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।

রবিবারই 'রাম সেতু’র প্রধান নায়ক অক্ষয় কুমার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৫৩ বছরের অভিনেতা টুইটারে জানিয়েছেন যে তিনি করোনায় আক্রান্ত এবং সব প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করছেন। অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি সকলকে এটা জানাতে চাই যে সকালে আমার কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। করোনা বিধি অনুসরণ করে আমি তৎক্ষণাত আইসোলেটে রয়েছি। আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে ও প্রয়োজনীয় ওষুধ–চিকিৎসার মধ্যে আছি। আমি সকলকে অনুরোধ করছি আমার সংস্পর্শে আসা সকলে যেন টেস্ট করিয়ে নেন। খুব শীঘ্রই ফিরছি।’
রণবীর কাপুর, আলিয়া ভাট, মনোজ বাজপেয়ী, সতীশ কৌশিক, কার্তিক আরিয়ান, আমির খান, আর মাধবন, আদিত্য নারায়ণ, রূপালি গাঙ্গুলি সহ বলিউডে করোনায় আক্রান্তদের তালিকায় যোগ হলেন অক্ষয় কুমার ও গোবিন্দার নামও। তবে এই তালিকা আরও দীর্ঘ হবে বলে মনে করা হচ্ছে। শনিবার মহারাষ্ট্রে নতুনভাবে কোভিড–১৯ কেস ধরা পড়ে ৪৯, ৪৪৭টি। এখনও পর্যন্ত সর্বোচ্চ দৈনিক আক্রান্ত। এই নিয়ে মহারাষ্ট্রে মোট করোনা রোগীর সংখ্যা ২৯,৫৩,৫২৩ টি।












Click it and Unblock the Notifications