বিজেপিকেই সাহায্য করবে তৃতীয় মোর্চা, মিশন ২৪শে ঐক্যবদ্ধ জোটের ডাক কংগ্রেসের
কংগ্রেস প্রকারান্তরে জানিয়ে দিয়েছে, যাঁরা আসলে তৃতীয় মোর্চা গড়ার চেষ্টা করছে, কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট গড়ার চেষ্টা করছে, তারা আসলে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে।
২০২৪-এর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিরোধী জোট নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে। কোনো কোনো দল তৃতীয় মোর্চা গড়ে তোলার চেষ্টা করছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু সেই চেষ্টা আসলে বিজেপিরই সুবিধা করে দেবে বলে মনে করছে কংগ্রেস। কংগ্রেস তাই ঐক্যবদ্ধ জোটের ডাক দিল মিশন ২৪শে।
কংগ্রেস প্রকারান্তরে জানিয়ে দিয়েছে, যাঁরা আসলে তৃতীয় মোর্চা গড়ার চেষ্টা করছে, কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপি বিরোধী জোট গড়ার চেষ্টা করছে, তারা আসলে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে। কংগ্রেসকে ছাড়া কোনও দল বা জোটের পক্ষে এখনও বিজেপিকে মোকাবিলা করার জায়গা দেশে তৈরি হয়নি। এই সরল সত্য়টা বুঝতে হবে।

কংগ্রেসকেই বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে হবে
২০২৪-এর লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য কংগ্রেসকেই বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে হবে। ধর্মনিরপেক্ষ শক্তিগুলিতে এক করে ঝাঁপিয়ে পড়তে হবে বিজেপিকে উৎখাত করতে। কিন্তু সেখানে যদি কংগ্রেসের নেতৃত্বে একটা জোট হয়, আর তৃণমূল কংগ্রেস, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এখন ভারত রাষ্ট্র সমিতি বা আম আদমি পার্টি বা আপ আলাদা করে তৃতীয় মোর্চা তৈরি করে, তবে আখেরে লাভ হবে বিজেপিরই।

কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় মোর্চা! বিজেপিরই সুবিধা
বিজেপিও চাইছে সেটাই হোক। ২০২৪-এ কংগ্রেসকে বাদ দিয়ে একটি তৃতীয় মোর্চা গড়ে উঠুক। তাহলে ২০২৪-এর লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বার ক্ষমতায় আসার পথ মসৃণ হয়ে যাবে বিজেপির। এই সহজ সরল বিষয়টিই উত্থাপন করার চেষ্টা করছে কংগ্রেস। ছত্তিশগড়ের রায়পুরে তিনদিনের পূর্ণাঙ্গ অধিবেশনে তা তুলে ধরা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পক্ষ থেকে।

পূর্ণাঙ্গ অধিবেশনে কংগ্রেসের প্রস্তাব
কংগ্রেস একটি প্রস্তাবে জানিয়েছে, "ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে, সেই ঐক্যই হবে কংগ্রেসের ভবিষ্যৎ বৈশিষ্ট্য। কংগ্রেসের উচিত সমমনা ধর্মনিরপেক্ষ শক্তিগুলিকে একত্রিত করে সর্বাত্মকভাবে বিজেপি বিরোধী লড়াইয়ে মনোনিবেশ করা। আমাদের আদর্শের সাথে একমত হওয়া ধর্মনিরপেক্ষ আঞ্চলিক শক্তিগুলিকে অন্তর্ভুক্ত করতে হবে জোটে, তবেই আসবে চূড়ান্ত সাফল্য।"

কংগ্রেসই একমাত্র দল যারা বিজেপিকে হারাতে সক্ষম
কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশনের দ্বিতীয় দিনে সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, সমমনা দলগুলির সঙ্গে জোট গড়ে তুলতে হবে। একটি কার্যকর বিকল্প গড়ে তুলতে না পারলে বিজেপির অপশাসন থেকে দেশকে রক্ষা করা যাবে না। সে জন্য যে কোনও ত্যাগ স্বীকার করতে কংগ্রেস পিছপা হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, একথা সকলের মনে রাখতে হবে যে, বর্তমান কঠিন পরিস্থিতিতে কংগ্রেসই দেশের একমাত্র দল যারা বিজেপিকে উৎখাত করতে সক্ষম।

২০২৪-এ কংগ্রেসই নির্ণায়ক ভূমিকা নিতে পারে
খাড়গের মতে, ২০২৪-এ কংগ্রেসই নির্ণায়ক হতে পারে। সে জন্য তারা জোটের নেতৃত্ব দিতে তৈরি। ২০০৪ সাল থেকে ২০১৪ পর্যন্ত, সমমনা দলগুলির সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন জোট দেশের জনগণের সেবা করেছে। আবারও কংগ্রেসের নেতৃত্বে জনবিরোধী এবং অগণতান্ত্রিক বিজেপি সরকারকে পরাজিত করতে সমমনা দলগুলিকে জোটবদ্ধ হতে হবে। কংগ্রেস সেই চেষ্টাই করে যাচ্ছে। যাতে তৃতীয় ফ্রন্ট না হয়, তার জন্য সবরকম স্বার্থত্যাগে অগ্রণী তারা।

২০২৪ সালের নির্বাচনের জন্য লক্ষ্যে স্থির কংগ্রেস
খাড়গে বলেন, আমরা একটি কার্যকরী বিকল্প গঠনের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণের জন্য সংগ্রাম করতে প্রস্তুত। সে জন্য আমরা যেকোন ত্যাগ স্বীকার করব। আসন্ন ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের নির্বাচনের জন্য আমাদের লক্ষ্য স্থির।












Click it and Unblock the Notifications