ইন্টারনেটের পর এবার ব্যাঙ্কিংয়ে ঝড় তুলতে খুলছে 'জিও পেমেন্টস ব্যাঙ্ক'
ব্যাঙ্ক খুলতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ব্যাঙ্ক খুলতে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৭০: ৩০ অনুপাতে এসবিআইয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামী ডিসেম্বরেই 'জিও পেমেন্টস ব্যাঙ্ক' কাজ শুরু করতে চলেছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, এই অক্টোবরেই ব্যাঙ্কের আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়ে যাবে। আরও আগে ব্যাঙ্ক চালু করা যেত। তবে আরবিআইয়ের জিও পেমেন্টস ব্যাঙ্ক নিয়ে কিছু জিজ্ঞাস্য থাকায় তা কিছুদিন আটকে ছিল। এবার সব বাধা কাটিয়ে তা কাজ শুরু করতে চলেছে ডিসেম্বরেই।
এই অক্টোবরে জিও-র ৪জি ফিচার্স ফোন বাজারে ছেয়ে যাওয়ার কথা। তার ডেলিভারিও শুরু হয়ে গিয়েছে। একইসঙ্গে ব্যাঙ্কের উদ্বোধনও সেরে ফেলার ছক কষা হয়েছিল। এখন সমস্ত নিয়ম মেনে তারপরই কাজ শুরু হচ্ছে।
সূত্রের খবর, এসবিআইয়ের হয়ে জিও পেমেন্টস ব্যাঙ্ক ব্যবসায়িক সহযোগী হিসাবে কাজ করবে। গ্রামীণ যে সমস্ত জায়গায় ব্যাঙ্ক পরিষেবা নেই সেখানে জিও গ্রাহকদের জন্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। নতুন যে জিও ফোন বুক করা হয়েছে তাতে ব্যাঙ্কিং লেনদেনও সেরে ফেলা যাবে। এর ফলে জিও-ও নিজেদের গ্রাহক এসবিআইয়ের মাধ্যমে বাড়িয়ে ফেলতে পারবে। কারণ জিও-র মূল ফোকাস ব্যাঙ্কিং নয়। মূলত গ্রাহকদের কাছে পৌঁছে যাওয়াই মূল লক্ষ্য।












Click it and Unblock the Notifications