এলপিজিতে ভর্তুকিতে 'নতুন' পরিকল্পনা সরকারের, কারা পাবেন সুবিধা
এলপিজিতে ভর্তুকি-পরিকল্পনা সরকারের, কারা পাবেন সুবিধা
এলপিজি (LPG) সিলিন্ডারের দাম হাজার টাকা ছুঁতে চলেছে। বেড়েই চলেছে এলপিজি-সহ বিভিন্ন জ্বালানির দাম। তবে বর্তমান পরিস্থিতিতে এলপিজিতে ভর্তুকি দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

গ্রাহকরা সিলিন্ডারের জন্য ১০০০ টাকা দিতে প্রস্তুত
সেপ্টেম্বরে সাধারণের ব্যবহার্য ১৪ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৯১১ টাকা। অক্টোবরের প্রথম সপ্তাহেই তা বেড়ে হয়েছে ৯২৬ টাকা। সূত্রের খবর অনুযায়ী, এলপিজির দাম নিয়ে সরকার একটি অভ্যন্তরীণ মূল্যায়ন করেছে। সেখানে নাকি দেখা গিয়েছে বেশিরভাগ গ্রাহক সিলিন্ডারের জন্য এক হাজার টাকা দিতে প্রস্তুত। সূত্রের আরও খবর এই পরিস্থিতিতে, দুরকমের সিদ্ধান্ত নিতে পারে সরকার। ভর্তুকি ছাড়াই সিলিন্ডার সরবরাহ কিংবা নির্দিষ্ট কিছু গ্রাহককে ভর্তুকির সুবিধা দেওয়া।

ভর্তুকি নিয়ে সরকারের পরিকল্পনা
ভর্তুকির ক্ষেত্রে ১০ লক্ষ টাকা আয়ের পরিবারের নিয়ম বজায় রাখা হতে পারে। এছাড়াও উজ্জ্বলা প্রকল্পভুক্তরা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাকি সবার ক্ষেত্রে ভর্তুকি তুলে দেওয়া হতে পারে। এলপিজি সিলিন্ডারে ভর্তুকি নিয়ে সরকার এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসেনি।

এখন ভর্তুকি প্রাপক যাঁরা
গত ২০২০ সালের মে মাস থেকে বেশ কিছু জায়গায় এলপিজিতে ভর্তুকি বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি-সহ জ্বালানির দাম কমে যাওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। তবে এই সময়ে মধ্যে সরকার এলপিজি সিলিন্ডারে ভর্তুকি একেবারে বন্ধ করে দেয়নি।

এলপিজির ভর্তুকিতে সরকারের ব্যয়
২০২০ আর্থিক বছরে এলপিজির ভর্তুকিতে সরকারের ব্যয় ছিল ২৪,৪৬৮ কোটি টাকা। প্রকাশিত খবর অনুযায়ী, ২০২১ আর্থিক বছরে এই ভর্তুকির পরিমাণ কমিয়ে ১২৪৮০ কোটি টাকা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ২০১৫ সালের জানুয়ারিতে নতুন নিয়মে ভর্তুকি দেওয়া শুরু করে সরকার। সেখানে গ্রাহকরা এলপিজির পুরো দাম মিটিয়ে দিচ্ছিলেন। এরপর সরকার তথা তেল বিপণন সংস্থাগুলির তরফে গ্রাহকের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা দেওয়া হয়।

এমাসের বর্ধিত দাম
সাধারণভাবে প্রতিমাসের শুরুতে সেই মাসের জন্য এলপিজির দাম নির্ধারণ করে দেওয়া হয়। ১ অক্টোবর তেল সংস্থাগুলির তরফে জানানো হয় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম কলকাতায় ৯১১ টাকা থাকলেও ১৯ কেজির সিলিন্ডারের দাম বৃদ্ধি করে করা হচ্ছে ১৮০৫.৫০ টাকা। পরে ৬ অক্টাবর নাগাদ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়। কলকাতায় এই সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়ায় ৯২৬ টাকা। সঙ্গে ৫ কেজির সিলিন্ডার দাম বৃদ্ধি করে করা হয় ৩৪০ টাকা।












Click it and Unblock the Notifications