বাজেটের আগে বদলে যাচ্ছে বহু নিয়ম! এলপিজি থেকে পান মসলা এবং সিগারেট, কী প্রভাব পড়বে আপনার দৈনন্দিন খরচে?
জানুয়ারি শেষ হতে চলেছে, আর ফেব্রুয়ারির শুরুতেই আসতে চলেছে কেন্দ্রীয় বাজেট। নতুন মাসের শুরুতেই এমন কিছু কিছু পরিবর্তন কার্যকর হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ঘরের খরচ থেকে শুরু করে যাতায়াত এবং দৈনন্দিন জীবনে। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এমনই কয়েকটি বড় পরিবর্তনের কথা জেনে নেওয়া যাক।

এলপিজি সিলিন্ডারের দাম বদল:
প্রতি মাসের প্রথম দিনেই তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে। সেই অনুযায়ী, ১ ফেব্রুয়ারিই নতুন দাম ঘোষণা করা হবে। বাজেটের দিনেই এই দাম প্রকাশ হওয়ায় গৃহস্থালির রান্নাঘরের খরচ নিয়ে সবারই নজর থাকবে। বিশেষ করে ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামে আগেও অনেকবার ওঠানামা হয়েছে। জানুয়ারির শুরুতেই দিল্লিতে এই সিলিন্ডারের দাম কমে হয়েছিল ১,৮০৪ টাকা।
এটিএফ ও সিএনজি-পিএনজি দামে পরিবর্তন:
এলপিজির পাশাপাশি ১ ফেব্রুয়ারি বিমান জ্বালানি অথবা এটিএফের নতুন দামও ঘোষণা হবে। এটিএফের দামে পরিবর্তন মানেই বিমানযাত্রার খরচের উপর প্রভাব। জানুয়ারিতে দিল্লিতে এটিএফের দাম প্রায় ৭ শতাংশ কমানো হয়েছিল। সেই সঙ্গে সিএনজি এবং পিএনজি-র দামেও বদল আসতে পারে বলে সম্ভাবনা।
পান মসলা এবং সিগারেটে বাড়তি কর:
ফেব্রুয়ারি থেকে বড় ধাক্কা পেতে পারেন পান মসলা এবং সিগারেট ব্যবহারকারীরা। তামাকজাত পণ্য ও পান মসলার উপর নতুন শুল্ক এবং সেস চালু করতে চলেছে কেন্দ্র। জিএসটি কম্পেনসেশন সেসের বদলে নতুন এক্সাইজ ডিউটি এবং অতিরিক্ত কর আরোপ করা হবে। এর ফলে আগের জিএসটি ছাড়াও বাড়তি কর বসবে, যার সরাসরি প্রভাব দাম বৃদ্ধিতেই পড়বে। পান মসলার ক্ষেত্রে স্বাস্থ্য এবং জাতীয় নিরাপত্তা সেসও বসানো হবে।
ফাস্ট্যাগ ব্যবহারকারীদের জন্য নিয়মে ছাড়:
ফাস্ট্যাগ ব্যবহারকারীদের জন্য রয়েছে স্বস্তির খবর। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) জানিয়েছে যে, গাড়ি, জিপ এবং ভ্যানের জন্য নতুন ফাস্ট্যাগ নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক 'নো ইওর ভেহিকল' (KYV) প্রক্রিয়া বন্ধ করা হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।
ফেব্রুয়ারিতে ব্যাঙ্ক ছুটি:
ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে ব্যাঙ্ক ছুটি। যদি আগামী মাসে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ কোনও কাজ থাকে, তাহলে আগেভাগে ছুটির তালিকা দেখে নেওয়াই সবথেকে ভালো। রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, সাপ্তাহিক ছুটি মিলিয়ে ফেব্রুয়ারিতে প্রায় ১০ দিনের মতো ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে আবার ছত্রপতি শিবাজি মহারাজ জয়ন্তীর মতো বিশেষ দিনের ছুটিও রয়েছে।
বাজেটের পাশাপাশি ফেব্রুয়ারির শুরুতেই এই পরিবর্তনগুলি সাধারণ মানুষের দৈনন্দিন খরচ এবং পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।












Click it and Unblock the Notifications