প্রশান্ত কিশোরও কি হাল ছাড়লেন কংগ্রেসকে নিয়ে, বিরোধী ঐক্য নড়বড়ে ২৪-এর আগে
জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে নিয়ে যখন আলোচনা চলছে কান পাতলেই, উত্তরপ্রদেশের লখিমপুর-কাণ্ড নিয়ে যখন কংগ্রেস দলকে পুনরুজ্জীবিত করতে চাইছে, তখন কংগ্রেসকে নিয়ে উল্টো সুর গাইলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।
২০২১-এর নির্বাচন শেষে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছিলেন তাঁকে এবার অন্য ভূমিকায় দেখা যাবে। তারপর থেকেই জাতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোর দিল্লিতে বিরোধী ঐক্য গড়ে তোলার কাজ করে যাচ্ছিলেন নীরবে। বার্তা দিয়েছিলেন কংগ্রেস-ভিন্ন বিরোধী মঞ্চ গড়ে তোলার কোনও যৌক্তিকতা নেই। সেই প্রশান্ত কিশোর কি এবার হাল ছাড়লেন কংগ্রেসকে নিয়ে।

প্রশান্ত কিশোর কংগ্রেস নিয়ে হাল ছেড়ে দিলেন?
জাতীয় রাজনীতিতে কংগ্রেসকে নিয়ে যখন আলোচনা চলছে কান পাতলেই, উত্তরপ্রদেশের লখিমপুর-কাণ্ড নিয়ে যখন কংগ্রেস দলকে পুনরুজ্জীবিত করতে চাইছে, তখন কংগ্রেসকে নিয়ে উল্টো সুর গাইলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। সম্প্রতি কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করেছে তৃণমূল। তবে কি তৃণমূলের অবস্থান মেনে নিয়ে ভোট কৌশলী প্রশান্ত কিশোর কংগ্রেস নিয়ে হাল ছেড়ে দিলেন?

মানুষ কি বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকে ভাববে
প্রশান্ত কিশোর কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান। ২০১৪-য় কংগ্রেস ক্ষমতা থেকে সরে যাওয়ার পর প্রাসঙ্গিকতা ফেরাতে ব্যর্থ হয়েছে। ২০১৯-এ নির্বাচনে আশা জাগিয়েও শোচনীয় ব্যর্থতা তাদের আরও পিছনে ঠেলে দিয়েছে। ২০২৪-এর আগেও তাঁরা এমন কিছু করতে পারেনি যে, মানুষ বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেসকে ভাববে। তাদের ব্যর্থতাই বিজেপিকে এতটা বাড়তে সাহায্য করেছে।

দৌত্যে ভাটা পড়ে পিকের, কংগ্রেস বিরোধিতা শুরু তৃণমূলেরও
এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর বাংলার নির্বাচনের পর কংগ্রেসের পক্ষ আশার কথা শুনিয়েছিলেন। বাংলায় তৃণমূলের নির্বাচনী সাফল্যের কারিগর প্রশান্ত কিশোর উদ্যোগ নিতে শুরু করেছিলেন জাতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূলকে মিলিয়ে দেওয়ার। কিন্তু তাঁর দৌত্যে ভাটা পড়ে বাংলার উপনির্বাচন ঘোষণার পর থেকে। এদিকে তৃণমূলও কংগ্রেস বিরোধিতা শুরু করে দেয়।

প্রশান্ত কিশোর ও তৃণমূলের ভূমিকায় দূরত্বে কংগ্রেস
প্রশান্ত কিশোর বলেছিলেন, কংগ্রেসকে ছাড়া বিজেপি-বিকল্প কোনও মঞ্চের গুরুত্ব নেই। তারপর রাহুল গান্ধীদের সঙ্গে তাঁর সাক্ষাতে জল্পনা তৈরি হয়েছিল এবার তিনি কংগ্রেসে যোগদান করতে পারেন। বিহারে কানাহাইয়া কুমারের যোগদানের পিছনে প্রশান্ত কিশোরের হাত রয়েছে বলেও মনে করে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু সম্প্রতি গোয়া কংগ্রেসের ভাঙনের পিছনে প্রশান্ত কিশোর ও তৃণমূলের ভূমিকায় দূরত্ব বেড়ে যায়।

পিকে কংগ্রেসকে নিয়ে কোনও আশা দেখছেন না
আর প্রশান্ত কিশোরের সঙ্গে যে কংগ্রেসের সখ্যতা তৈরি হয়নি, তা প্রমাণিত হয়ে যায় সম্প্রতি উত্তরপ্রদেশের লখিমপুর-কাণ্ডের পর। লখিমপুরে কংগ্রেসের সপ্রতিভ প্রতিবাদের পর রাহুল-প্রিয়াঙ্কাদের প্রশংসা দূরে থাক, প্রশান্ত কিশোর সমালোচনা করে কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। রাহুল-প্রিয়াঙ্কাদের জেদের কাছে বিজেপি হার মানার পরও পিকে কংগ্রেসকে নিয়ে কোনও আশা দেখছেন না বলে জানান।

কংগ্রেসের সমস্যার শিকড় অনেক গভীরে, বলছেন পিকে
প্রশ্ন উঠেছে, কংগ্রেসের পুরনো দিন কি ফিরিয়ে দেবে লখিমপুর, তখন ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বিশ্লেষণে আসাহত হবেন রাহুল-প্রিয়াঙ্কারা। পিকে বলেন, দেশের সবথেকে প্রাচীন রাজনৈতিক দলের পক্ষে এই একটি ঘটনায় প্রাসঙ্গিকতা ফিরে পাওয়া সম্ভব নয়। কংগ্রেস গ্র্যান্ড ওল্ড পার্টি। যাঁরা ভাবছেন লখিমপুর খেরি-কাণ্ডের মাধ্যমে দেশের প্রাচীনতম দল রাতারাতি নিজেকে পুনরুজ্জীবিত করে তুলবে, তাঁরা ভুল ভাবছেন। কেননা কংগ্রেসের সমস্যার শিকড় অনেক গভীরে। দুর্ভাগ্যজনক যে এর কোনও তাৎক্ষণিক সমাধান নেই।

প্রশান্ত কিশোরের বার্তায় তৃণমূলের প্রতি সমর্থনের আভাস
প্রশান্ত কিশোরের এই বার্তায় স্পষ্ট ২০২৪-এ কংগ্রেসকে নিয়ে তিনি তেমন কোনও আশা করছেন না। বিজেপিকে হটাতে গেলে অন্য কোনও দলকে নেতৃত্বে দরকার। তৃণমূলও দাবি তুলেছে, তাঁরা একবারও বলছেন না কংগ্রেস ভিন্ন বিরোধী জোট চান তাঁরা। কিন্তু জোট হবে তৃণমূলে শর্তে। কারণ এই মুহূর্তে তৃণমূল লড়তে পারে বিজেপির বিরুদ্ধে। আর মমতা বন্যো কপাধ্যায়ই একমাত্র মোদীর বিকল্প মুখ এই মুহর্তে। প্রশান্ত কিশোরের এদিনের বার্তায় তৃণমূলের প্রতি সমর্থনের আভাসই রয়েছে।

কংগ্রেসের বিশ্বাসযোগত্যা নিয়ে প্রশ্ন তুললেন পিকে
ভারতীয় রাজনীতিতে প্রশান্ত কিশোরের গুরুত্ব এই মুহর্তে অপরিসীম। তিনি ২০১৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিগত আট বছরে দেশে অনেকগুলি নির্বাচনের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন। ২০১৪-য় নরেন্দ্র মোদীর উত্থান দিয়ে তাঁর পথচলা শুরু, আর ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল বিজয়ের পর তিনি এখন মোদীর পতন ঘটাতে আগ্রহী। সেই কাজে তিনি কংগ্রেস ও তৃণমূলকে মিলিয়ে একটা শক্তিশালী বিরোধী ঐক্য গড়ে তোলার পক্ষপাতী ছিলেন। কিন্তু বর্তমানে তিনি কংগ্রেসের বিশ্বাসযোগত্যা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী ঐক্যকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন।












Click it and Unblock the Notifications