কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা! কারা পাবেন সুবিধা, কোন কোন নথি লাগবে
তৃতীয়বার ক্ষমতায় এসেই কৃষকবন্ধু (নতুন) প্রকল্পের ঘোষণা করেছেন মমতা! কারা পাবেন সুবিধা, কোন কোন নথি লাগবে
আগে পশ্চিমবঙ্গে (west bengal) ছিল কৃষক বন্ধু (krishak bandhu) প্রকল্প। আর তৃতীয়বার ক্ষমতায় এসে সেই প্রকল্পের পরিমার্জন করে করা হয়েছে কৃষক বন্ধু (নতুন) ( krishak bandhu notun) প্রকল্প। এবছরের ১৭ জুন থেকে কৃষি দফতরের অধীনে এই প্রকল্পের শুরু হয়েছে।

কৃষক বন্ধু (নতুন) প্রকল্প
১) কৃষক বন্ধু নতুন প্রকল্পে খরিফ ও রবি চাষ শুরুর আগে চাষের উপকরণ কেনার সুবিধার জন্য এক একর বা তার বেশি চাষযোগ্য জমির জন্য বছরে দুই কিস্তিতে সর্বাধিক ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে। জমি এক একর কিংবা তার কম হলে আনুপাতিক হারে বছরে দুই কিস্তিতে ন্যুনতম ৪ হাজার টাকা কৃষকদের দেওয়ার কথা বলা হয়েছে এই প্রকল্পে।
২) একইসঙ্গে ১৮-৬০ বছর বয়সী কোনও কৃষক কিংবা ভাগচাষীর মৃত্যু হলে তাঁর আইনসম্মত উত্তরাধিকারীকে এককালীন ২ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা বলা হয়েছে।

এই প্রকল্পের সুবিধা কারা পাবেন
কৃষকদের নিজের নাম, চাষযোগ্য জমির পরচা, পাট্টা কিংবা বন বিভাগের পাট্টা থাকলে কিংবা বর্গা নথিভুক্ত থাকলে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
নিজের নামে জমি না থাকলে দলিল, দানপত্র, দেবোত্তর কিংবা অন্য কোনও নথি থাকলে, পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট-সহ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাবে।

সুবিধা নিতে গেলে যে-যে নথি লাগবে
১) কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা নিতে গেলে সাম্প্রতিক চাষযোগ্য জমির পরচা, বর্গা নথিভুক্তির তথ্য, পাট্টা কিংবা বন বিভাগের পাট্টার নথি লাগবে।
নিজের নামে জমি না থাকলে দলিল, দানপত্র, দেবোত্তর কিংবা অন্যনথি আর তার সঙ্গে পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশন সার্টিফিকেট লাগবে।
ভোটার কার্ড, আধার কার্ড-এই দুটি অবশ্যই লাগবে।
ব্যাঙ্কের পাশ বই, বাতিল ব্যাঙ্ক চেক লাগবে।
সাম্প্রতিক সময়ের পাসপোর্ট ছবি লাগবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে।
২) কৃষকবন্ধু মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের আবেদন পত্রের সঙ্গে মৃত কৃষক কিংবা নথিভুক্ত ভাগচাষীর সচিত্র পরিচয় পত্র যেমন ভোটার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স দিতে হবে।
মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্রে জেরক্স দিতে হবে।
গ্রামীন এলাকার জন্য বিডিও-র দেওয়া আইনসম্মত উত্তরাধিকার সংক্রান্ত শংসাপত্র এবং শহরাঞ্চলের জন্য মহকুমা শাসক কিংবা মহকুমার কৃষি আধিকারিকের দেওয়া শংসাপত্র জমা দিতে হবে।
মৃত ব্যক্তির নামে জমির পরচা, বর্গার নথি, পাট্টা কিংবা বনবিভাগের পাট্টার কোনও নথি থাকলে তার জেরক্স জমা দিতে হবে।

যোগাযোগ
সুবিধা পেতে গেলে ব্লকে কৃষি অধিকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। গ্রামীণ এলাকায় বিডিও অফিস, পুর এলাকায় মহকুমাশাসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। এছাড়াও রয়েছে ওয়েবসাইট www.matirkatha.gov.in অথবা www.matirkatha.net.












Click it and Unblock the Notifications