'ব্যাটেলফিল্ড বাংলা', ভোট বৈতরণী পার করতে নির্বাচন কমিশনের ভরসা ১ লক্ষ জওয়ান!
প্রায় ১ লক্ষ আধা সেনার সাহায্যে বাংলায় ভোট অনুষ্ঠিত হবে বলে জানা গেল। প্রথম দফায় ব্যবহার করা হবে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগেই কয়েকশো কোম্পানি বাহিনী এসেছে৷ কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে৷ ওই সূত্রের খবর অনুযায়ী, কিছু দিনের মধ্যে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় বাহিনীর উপরই যে কমিশন পুরোপুরি নির্ভর করছে, তা তাদের এই পদক্ষেপ থেকে স্পষ্ট হচ্ছে৷

প্রথম দফায় ব্যবহার করা হবে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
উল্লেখ্য, প্রাথমিকভাবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে বাংলায়৷ তারপর দফায় দফায় ১৭০ ও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে ইতিমধ্যেই। কমিশন সূত্রে খবর, কিছু দিনের মধ্যে আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। প্রথম দফায় ব্যবহার করা হবে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কোন দফায় কত জওয়ান?
দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন চাইছে ৬৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় দফায় কমিশন ৬৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে। চতুর্থ দফায় ৮৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে। পঞ্চম দফার নির্বাচনে ৯৫৫ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করার প্রয়োজন বলে স্থির করেছে নির্বাচন কমিশন। মোট ৪৫ টি আসনে ভোট হবে পঞ্চম দফায়। ষষ্ঠ দফায় ৯৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন। সপ্তম দফায় ৭৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন। অষ্টম দফায় ৭১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন।

২০৯ জন পর্যবেক্ষকের অধীনে নির্বাচন
অন্যদিকে ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে সাধারণ পর্যবেক্ষকদের সংখ্যা ছিল ১৬০ জন ও পুলিশ পর্যবেক্ষকদের সংখ্যা ছিল ৩১ জন। তবে এবার সেই সংখ্যা বেড়েছে অনেকটাই। এবারের বিধানসভা ভোটে পুলিশ পর্যবেক্ষক দের সংখ্যা হল ৫৫ ও সাধারণ পর্যবেক্ষকদের সংখ্যা হল ২০৯।

ইভিএম প্রস্তুতকারক সংস্থা বদল
এদিকে এবারের নির্বাচনে ২৯৪ বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে ইভিএম এবং ভিভিপ্যাট সরবরাহ করতে পারবে না হায়দরাবাদের সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। সেক্ষেত্রে এবার কয়েকটি বিধানসভা কেন্দ্রের জন্য ইভিএম ও ভিভিপ্যাট দেবে ব্যাঙ্গালোরের সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড৷ উল্লেখ্য, ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ শুরুর দিন থেকে নির্বাচন কমিশনকে ইভিএম ও ভিভিপ্যাট সরবরাহ করছে হায়দরাবাদের সংস্থাটি। তবে এবার সেই ধারাবাহিকতাতে কিছুটা ছেদ পড়ছে।

৮৪টি বিধানসভা কেন্দ্রে আসবে নয়া সংস্থার ইভিএম
এবার বুথের সংখ্যা আগের থেকে অনেক বেশি৷ পাশাপাশি, নিয়মানুসারে নির্বাচনকে সচল রাখতে গিয়ে ইভিএম এবং ভিভিপ্যাট কিছুটা বেশি সংরক্ষণ করে রাখতে হয়৷ তাই ইসিআইএল জানিয়েছে, তারা এতগুলি মেশিন সরবরাহ করতে পারবে না। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ইসিআইএল রাজ্যের বিধানসভা নির্বাচনে ২১০টি বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথে ইভিএম এবং ভিভিপ্যাট সরবরাহ করবে। বাকি ৮৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোট যন্ত্র সরবরাহ করবে ব্যাঙ্গালোরের সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড।












Click it and Unblock the Notifications