'জাতে মাতাল তালে ঠিক', মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় কটাক্ষ অধীর চৌধুরীর
'দিদি জাতে মাতাল তালে ঠিক।' এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি৷ পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি জন্য কেন্দ্রের মোদী সরকারের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দায়ি করলেন লোকসভার বিরোধী দলনেতা।

দিদি, সেল ট্যাক্সটা একটু কম করেন না কেন?
আজ বীরভূমের হাসন বিধানসভার লোহাপুরে একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, 'দিদি বলছে মোদী পেট্রলের দাম বাড়াচ্ছে কেন? দিদিকে বলতে চাই দিদি, আপনার সরকার তো সেল ট্যাক্স নিচ্ছে। আপনি সেল ট্যাক্সটা একটু কম করেন না কেন? দিদি কিন্তু জাতে মাতাল তালে ঠিক। মোদীকে গাল দেবে কিন্তু দর কমাবে না।'

ভোট এসেছে এখন দিদির মাথা খারাপ হয়ে গিয়েছে
সম্প্রতি রাজ্য সরকারের ঘোষণা করা প্রকল্প, 'শান্তির দূত'-কে কটাক্ষও করেন অধীর৷ বলেন, 'ভোট এসেছে এখন দিদির মাথা খারাপ হয়ে গিয়েছে। প্রতিদিন একটা করে প্রকল্প ঘোষণা করছে । সর্বশেষ প্রকল্পের নাম শান্তির দূত, ৫ টাকায় ভাত আর ডিম দেবে নাকি? দশ বছর হয়ে গেল এতদিন ডিম খাওয়ানোর কথা দিদির মনে ছিল না। ভোট এসে গেছে এখন দিদির মনে পড়েছে এদেরকে ভাত দিতে হবে। এদেরকে ডিম দিতে হবে। মানুষ বলছে, তুমি আমাদের যতই ভাত দাও ডিম দাও আমরা তোমাকে একটি বড় ঘোড়ার ডিম দেব।'

অনুব্রতর গড়ে ফের ভাঙন ধরালেন অধীর
একই সঙ্গে অনুব্রতর গড়ে ফের ভাঙন ধরালেন অধীর৷ এবার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর যোগদান করলেন কংগ্রেসে। রামপুরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জামাল উদ্দিন শেখ কয়েকজন কর্মী সহ কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী। যোগদানের পর জামাল উদ্দিন বলেন, কো-অর্ডিনেটর থাকা সত্ত্বেও ওয়ার্ডের উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছিল না। তৃণমূল পার্টি অফিস থেকেই পৌরসভার সমস্ত কাজ করা হচ্ছে। তাই কংগ্রেসে যোগদান করলাম।'












Click it and Unblock the Notifications