শীতলকুচি কাণ্ডে প্রাক্তন পুলিশ সুপারকে তলব! কেন্দ্রীয় বাহিনীকে জেরা করতে আদালতের দ্বারস্থ হতে পারে সিআইডি
শীতলকুচি কাণ্ডে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পর থেকেই এখনও পর্যন্ত সংবাদ শিরোনামে শীতলকুচি। ক্ষমতায় ফিরেই শীতলকুচির ঘটনার তদন্ত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শীতলকুচি কাণ্ডে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর পর থেকেই এখনও পর্যন্ত সংবাদ শিরোনামে শীতলকুচি। ক্ষমতায় ফিরেই শীতলকুচির ঘটনার তদন্ত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের মতো সরকার গঠন করার পরেই শীতলকুচি কাণ্ডের সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্পেশাল সিট গঠন করে চলছে তদন্ত। কিন্তু এই তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে জিজ্ঞাসাবাদকে ঘিরে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। ইতিমধ্যে বাহিনীকে জেরা করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন কৈলাশ বিজয়বর্গীয়।

এসডিপিওকে তলব করল সিআইডি
শীতলকুচি কাণ্ডে ক্রমশ চড়ছে পারদ। ইতিমধ্যে মাথাভাগা থানার তদন্তকারী আধিকারিককে জেরা করেছে সিআইডি। সোমবারই জিজ্ঞাসাবাদ করা হয় মাথাভাঙা থানার আইসি। টানা ৭ ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় তাঁকে। তাঁর কাছে পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার নোটিস পাঠানো হল এসডিপিওকে। আগামিকাল অর্থাৎ বুধবার ভবানীভবনে তাঁকে তলব করেছে সিআইডির স্পেশাল সিট। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করা হয়েছে। কেন্দ্রিয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হতে পারে তাঁকে।

প্রাক্তন পুলিশ সুপারকেও জেরা করবে সিআইডি
এদিকে তলব করা হয়েছে প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকেও। ইতিমধ্যেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ঘটনার পর ণির্বাচন কমিশনকে রিপোর্ট দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। এবার তাঁকেই জেরা করবে সিআইডি। এই তদন্তে প্রাক্তন এই পুলিশ সুপারের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যোগযোগ করল না কেন্দ্রীয় বাহিনী
শীতলকুচি কাণ্ডে দুই অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানের সঙ্গে মাথাভাঙা থানার সাব ইনস্পেকটরকেও তলব করে সিআইডি। সাব ইনস্পেকটর মোবাইল ভ্যানের দায়িত্বে ছিলেন। গুলিচালনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে দাবি করেন তদন্তকারীরা। সিট তদন্তে নেমে ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে তলব করে। এই পরিস্থিতিতে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হয়। আবেদন নাকচ করে দেয় সিআইডি। ২ সিআইএসএফ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যায়, চতুর্থ দফা ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ওই ৬ জন শীতলকুচির ১২৬ নম্বর বুথের দায়িত্বে ছিলেন। সিআইডি সূত্রে খবর, তাঁদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, চারজন কনস্টেবল ও একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন। কী কারণে গুলি চালানো হয়েছিল, তা জানতেই কেন্দ্রীয় বাহিনীকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। আজ মঙ্গলবার হাজিরা দেওয়ার ণির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বাহিনীর তরফে কোনও যোগাযোগ করা হয়নি।

আদালতে যেতে পারে সিআইডি
শীতলকুচির ঘটনায় ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাজিরার জন্য নোটিশ পাঠাতে চলছে সিআইডি। তবে এবারও কোনও যোগাযোগ করা না হলে আদালতের দ্বারস্থ হতে পারে সিআইডি। ইতিমধ্যেই সিআইডির তরফে কোচবিহার আদালতে আবেদন করে জওয়ানদের হাজিরার জন্য নোটিশ পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications