একুশের ভোটে হটস্পট নন্দীগ্রাম, ১১ মার্চ মনোনয়ন জমা দিতে পারেন মমতা, বাড়ছে জল্পনা
একুশের ভোটে হটস্পট নন্দীগ্রাম, ১১ মার্চ মনোনয়ন জমা দিতে পারেন মমতা, বাড়ছে জল্পনা
একুশের ভোটে হটস্পট নন্দীগ্রাম। তৃণমূল সূত্রে খবর ১১ মার্চ মনোনয়ন জমা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়া থেকে মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীর। মনে করা হচ্ছে এই কেন্দ্রে মমতার প্রতিপক্ষ হয়ে িবজেপির পক্ষ থেকে দাঁড়াবেন শুভেন্দু অধিকারী। তার ইঙ্গিত দিয়ে রেখেছেন দিলীপ ঘোষও। যদিও এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করে উঠতে পারেনি গেরুয়া শিবির।

নন্দীগ্রামে মমতা
নন্দীগ্রাম এবার যাকে বলে ভোটের হটস্পট। এবারে নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই সেকথা ঘোষণা করেছেন। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। নন্দীগ্রাম এবারের ভোটে শাসক দলের প্রেস্টিজ ইস্যু হয়ে উঠেছে বলে দাবি করেছে রাজনৈতিক মহল। সেই চ্যালেঞ্জ তাই তৃণমূল কংগ্রেস নেত্রী নিজেই নিচ্ছেন। আবার বলা হচ্ছে শুভেন্দুকে নন্দীগ্রামে আটকে রেখে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে শাসক দল।

১১ তারিখ মনোনয়ন জমা
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর ১১ মার্চ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়া প্রশাসনিক ভবনে মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা। ১১ তারিখ হলদিয়াতেই থাকবেন তিনি এমনই খবর পাওয়া গিয়েছে। যদিও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই নন্দীগ্রামে দলনেত্রীর প্রচারের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। মমতার নাম দিয়ে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। শিবরাত্রির শুভ দিনে বেলা ১২টার পর মনোনয়ন জমা দেওয়ার কথা মমতার।

তৈরি হচ্ছে নন্দীগ্রাম
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রাম আন্দোলন নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। নন্দীগ্রাম আন্দোলনের কৃতীত্ব শুভেন্দু নিজে দাবি করে আছেন। মেদিনীপুরে অধিকারী পরিবার না থাকলে তৃণমূল কংগ্রেস জিততে পারত না বলে দাবি করেছেন শুভেন্দু। বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিকবার নন্দীগ্রামে সভা করেছেন তিনি। শাসক দলও এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। মমতার সমর্থনে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

শুভেন্দুই প্রার্থী
বিজেপির তরফে অবশ্য এখনও নন্দীগ্রামে কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে দিলীপ ঘোষ শুভেন্দুর দিকেই ইঙ্গিত করেছেন। আজই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে দিল্লিতে যাচ্ছেন দিলীপ ঘোষ সহ বঙ্গ বিজেপির নেতারা। দিল্লির নেতাদের অনুমতি নিয়েই তারপরে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। যদিও শুভেন্দু অধিকারী ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছেন।












Click it and Unblock the Notifications