'যাঁরা যাচ্ছেন , তাঁরা ফিরে আসবেন', টলিউডে দলবদলকারীদের নিয়ে অরূপ বিশ্বাস সরব
'যাঁরা যাচ্ছেন , তাঁরা ফিরে আসবেন', টলিউডে দলবদলকারীদের নিয়ে অরূপ বিশ্বাস সরব
রাজ্যরাজনীতিতে একুশের ভোটে দলবদের সুনামী কার্যত অব্যাহত। একাধিক তৃণমূলের নেতা যেমন বিজেপিতে যোগদান করেছেন,তেমনই টলিউড ইন্ডাস্ট্রিতে মমতা শিবির ঘেঁসা অনেকেই বিজেপিতে গিয়েছেন। বিশেষত, যশ, হিরণের শিবির বদলের পরই এই নিয়ে প্রশ্ন উঠছে যে, তাহলে কি টলিউডে তৃণমূলের রাশ আলগা হয়েছে? সেই সম্পর্কে মুখ খুললেন অরূপ বিশ্বাস।

মুঠো কি আলগা হচ্ছে?
প্রসঙ্গত, টলিউডে তৃণমূলের আধিপত্য কায়েমের পক্ষে একটি বড় মুখ অরূপ বিশ্বাস। টলিউডে তাঁর প্রভাব রীতিমতো তাৎপর্যপূর্ণ। এমনই দাবি বহু মহলের। তবে সেই টলিউডে তৃণমূলের শিবির থেকে বিজেপিতে পর পর ব্যাক্তিত্বের প্রবেশ ঘিরে খানিকটা অস্বস্তিতে দল। সেই প্রসঙ্গে অরূপ বিশ্বাসের দাবি, 'কারা যাচ্ছেন , কেন যাচ্ছেন জানা নেই।'

'ফিরে আসবেন'
অরূপ বিশ্বাস দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন চেয়েছেন উন্নয়ন করেছেন। মানুষ তা দেখেছে। এদিকে, বিজেপিকে তোপ দেগে অরূপ বিশ্বাসের দাবি, বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়। সেই সূত্র ধরে অরূপ বিশ্বাসের বক্তব্য, যাঁরা ছেড়ে গিয়েছেন, তাঁরা ফিরে আসবেন। তাঁরা বিজেপিকে চিনে নিয়েই ফিরবেন।

'মমতা তাঁদের সুখে ,দুঃখে পাশে ছিলেন'
অরূপ বিশ্বাস বলেন, টলিউডের সমস্ত স্তরের শিল্পীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন। 'মমতা তাঁদের সুখে ,দুঃখে পাশে ছিলেন' বলে দাবি করেন অরূপ বিশ্বাস। অরূপবাবু বলেন, 'আমার দৃঢ় বিশ্বাস তিনি যদি পাশে থাকেন, মানুষও তাঁর পাশে থাকবেন।'

'মমতা টলিউডে যা করেছেন, হলিউডে কেউ এমন করেনি'
অরূপ বিশ্বাস বলেন, 'কারা যাচ্ছে, কেন যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে, আমি বলতে পারব না। আমার মনে হয়, প্রত্যেকেরই ভুল ভাঙবে। একদিন না একদিন সবাই ফিরে আসবেন। 'এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অরূপ বিশ্বাস বলেন, টলিউডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, তা হলিউডে কেউ করেননি।












Click it and Unblock the Notifications