১৮০ থেকে ২০০ কিমি গতি সুপার সাইক্লোন আম্ফানের! তিন জেলায় তাণ্ডবের আশঙ্কা
১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোনে পরিণত হওয়া ঘূর্ণিঝড় আম্ফান। বর্তমানে তা দিঘা থেকে মাত্র ৯০০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোনে পরিণত হওয়া ঘূর্ণিঝড় আম্ফান। বর্তমানে তা দিঘা থেকে মাত্র ৯০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তার ঘূর্ণাবর্তের গতিবেগও চমকে ওঠার মতোই। প্রায় ২৬৫ কিলোমিটার বেগে ঘুরছে আম্ফান। আবহবিদরা বলছেন এমন শক্তিশালী ঘূর্ণিঝড় ২১ বছর পরে হতে চলেছে।

সুপার সাইক্লোনের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলা
এই পরিস্থিতিতে সুপার সাইক্লোনের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলা। কোন পথ দিয়ে এগোবে সাইক্লোন। কোন কোন জেলায় এর প্রভাব পড়বে। তা নিয়ে উদ্বেগে রয়েছে বাংলার প্রশাসন। প্রশাসনের তরফে সমস্তরকম বন্দোবস্ত করা হয়েছে। করোনা সংক্রমণের আবহেই সুপার সাইক্লোনের মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে প্রশাসন।

১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগ আম্ফানের
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার এই ঝড় আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে। দিঘা ও হাতিয়ার মাঝামাঝি জায়গা দিয়ে বাংলার স্থলপথে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। প্রায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার কথা আম্ফানের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় তা তাণ্ডব চালাবে।

বাংলার তিন জেলায় তাণ্ডব চলবে
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই আম্ফানের প্রভাবে প্রবল বৃষ্টি হবে। মঙ্গলবার সাত জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বইবে ৫০ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া। মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ের গতিবেগ আরও বাড়বে। সবথেকে প্রভাব বেশি পড়বে বাংলার তিন জেলায়।

কোথায় কত গতিবেগ ঝড়ের
দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ। বুধবার সন্ধ্যায় ওই ঝড় বয়ে যেতে পারে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে। কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ঝড় বয়ে যাবে ১২৫ কিলোমিটার ঘণ্টায়। এই সাত জেলা সবথেকে বেশি ক্ষতির মুখে দাঁড়িয়ে রয়েছে।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এই ঝড়ের প্রভাব
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এই ঝড়ের প্রভাব পড়বে। ৪০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইবে এইসব জেলায়। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। মালদহ ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টি হবে বৃহস্পতিবার।

১২ থেকে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস
হাওয়া অফিস সূত্র সতর্ক করে দেওয়া হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বুধবার সুপার সাইক্লোন আম্ফান আছড়ে পড়ার দিন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন উপকূলে ১২ থেকে ১৫ ফুট উঁচু জলোচ্ছ্বাস হবে। ওইদিন সমুদ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।












Click it and Unblock the Notifications