Weather Update: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণ রাজ্যের কোন জেলায় কেমন হবে বৃষ্টিপাত?
বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের ভ্রুকটি। ফলে পশ্চিমবঙ্গের একাধিক জেলা জুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস (Weather Update) আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এর প্রভাবে সপ্তাহান্তে তো বটেই, আগামী সপ্তাহেও ভারী বৃষ্টিপাত হতে চলেছে বঙ্গে।
নিম্নচাপের সরাসরি প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতেও প্রবল বর্ষণের পূর্বাভাস করা রয়েছে। উপকূল এলাকায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলে জানা গিয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় পার্বত্য অঞ্চলে বন্যা ও ধসের আশঙ্কা রয়েছে। এবছর শুরু থেকেই উত্তরবঙ্গে নিয়মিত বর্ষা হওয়ায় এমনিতেই ওদিকের নদীগুলি ফুলে-ফেঁপে রয়েছে। বেশ কিছু এলাকায় ইতিমধ্যে ধস নেমে জনজীবন বিপর্যস্ত। তার ওপর আরও বৃষ্টি পরিস্থিতি নিঃসন্দেহে জটিল করে তুলবে।
রাজ্য প্রশাসন দুর্যোগ মোকাবিলার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। উপকূলবর্তী এলাকার মানুষদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। এই সপ্তাহের শুরুতেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। জাতীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রবল বর্ষণের ফলে নিচু এলাকাগুলিতে জল জমছে। ফলে মেদিনীপুর, জঙ্গলমহল, হাওড়া, হুগলির নানা এলাকা ইতিমধ্যে প্লাবিত। এবছর যথেষ্ট পরিমাণে বর্ষা হবে। ফলে পরিস্থিতি কতটা জটিল হয়, সেদিকেই সকলের নজর রয়েছে।












Click it and Unblock the Notifications