রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াল ৪৩ ডিগ্রি, ছয় শহরে তাপমাত্রা ৪০-এর ওপরে, জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা
রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াল ৪৩ ডিগ্রি, ছয় শহরে তাপমাত্রা ৪০-এর ওপরে, জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা
মঙ্গলবারের থেকে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (temperature) বাড়ল দেড় ডিগ্রি। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা বেড়ে হয়েছে ৩৮ ডিগ্রি। বেলা বাড়তেই বেড়েছে অস্বস্তির সূচক। এদিন রাজ্যের অন্তত ছটি শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। যার মধ্যে মেদিনীপুরের তাপমাত্রা ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া আপাতত এরকমই থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের।

বঙ্গোপসাগরে নিম্নচাপ
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে এলাকায় একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় তা অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করছেন আবহাবিদরা। ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তর পূর্ব ভারত এবং জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া তথ্যে জানা গিয়েছে আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোনও কোনও জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনার তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও আগামী ২৪ ঘন্টায়, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তার সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রবিবার নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এবং সোমবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি এবং হাওড়ায় বজ্র বিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৪১.৮ (৩৮.৫)
বালুরঘাট ৩৫.৪ (৩১.৮)
বাঁকুড়া ৪২.৭ (৪০)
ব্যারাকপুর ৩৮.৭ (৩৬.৫)
বহরমপুর ৩৭.৪ (৩৭)
বর্ধমান ৩৯ (৩৮.৮)
ক্যানিং ৩৭.৬ (৩৬.৪)
কোচবিহার ২৬.৬ (৩২.১)
দার্জিলিং ১৪ (১৯)
দিঘা ৩৪.৮ (৩৪.১ )
কলকাতা ৩৮ (৩৬.৫)
মালদহ ৩৩.৫ (৩৪.৯)
পানাগড় ৪২.৬ (৩৯.৩)
পুরুলিয়া ৩৯.৩ (৩৮.৭)
শিলিগুড়ি ২৮.৬ (৩৪.৫)
শ্রীনিকেতন ৪০.৫ (৩৭.২)












Click it and Unblock the Notifications