'সবাইকে নিয়ে চলতে হবে', দিলীপকে কৌশলী বার্তা নাড্ডার
'সবাইকে নিয়ে চলতে হবে', দিলীপকে কৌশলী বার্তা নাড্ডার
সময়টা মোটেই ভাল যাচ্ছে না বঙ্গ বিজেপির। নির্বাচনে হারের পরই একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন নেতারা। এমন পরিস্থিতিতেই রবিবার দিল্লিতে জগৎপ্রকাশ নাড্ডার সঙ্গে বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শুভেন্দু সহ তৃণমূল থেকে আসা নেতাদের বিরুদ্ধে দলীয় অনুশাসন না মানার অভিযোগ করেন দিলীপ।

স্বয়ং সেবক থেকে বিজেপিতে এসেছেন দিলীপ
দিলীপ ঘোষ নিজে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক ছিলেন। আরএসএসের ভাবধারায় উদ্বুদ্ধ হওয়ার দরুণ দলের দায়িত্ব পেয়েছিলেন। দলীয় সূত্রের খবর, সেই তিনিই নাড্ডার কাছে অভিযোগ করেন যে, তৃণমূল থেকে আসা নেতারা দলের তথা আরএসএসের অনুশাসন মেনে চলছেন না। যা খুশি মন্তব্য করছেন দলীয় নেতাদের বিরুদ্ধে। দলের নির্দেশ অমান্য করে দেখা করছেন অন্যান্য দলের নেতাদের সঙ্গেও। তাঁর বক্তব্য, বিজেপি তৃণমূলের মতো অনুশাসনহীন দল নয়।
আরএসএসের ভাবধারায় উদ্বুদ্ধ শৃঙ্খলাবদ্ধ একটি রাজনৈতিক দল। এই দলে থেকে যে কেউ যা খুশি কোনওভাবেই করতে পারেন না।

শুভেন্দু-দিলীপ ইস্যু
দিলীপের নিশানা থেকে বাদ যাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজ্য সভাপতির অভিযোগ, দলকে না জানিয়েই শুভেন্দু ভোট পরবর্তী সময়ে বারবার দিল্লি ছুটে গিয়েছেন। রাজ্য নেতৃত্বকে অন্ধকারে রেখে নিজের মতো করে দল চালাচ্ছেন। এমনকি, বিধানসভায় কোন পোশাক পরে আসতে হবে, তাও ঠিক করে দিচ্ছেন। বিধায়কদের নিয়ে নিজস্ব একটি দল গঠন করেছেন যেখানে রাজ্য সভাপতি হওয়া সত্ত্বেও গুরুত্ব দেওয়া হচ্ছে না তাঁকে।

সবাইকে নিয়ে চলো বার্তা নাড্ডার
জানা গিয়েছে, দিলীপের এই অভিযোগের সম্পূর্ণটাই শুনেছেন জেপি নাড্ডা। দলীয় অনুশাসন মেনে চলার বিষয়ে দিলীপের সঙ্গে সহমত হলেও শেষমেশ একতার বার্তা দিয়েছেন তিনি। জেপি নাড্ডা স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল থেকে আগত যে সমস্ত নেতাদের জন সমর্থন রয়েছে তাঁদেরও জায়গা দিতেই হবে। সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে।
উল্লেখ্য, ভোটের ফলপ্রকাশের পর থেকে একাধিকবার দিল্লিতে উড়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে, রাজ্য সভাপতি হওয়া সত্ত্বেও একবারও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেননি দিলীপ ঘোষ৷ দলের অন্দরে নেতাদের মধ্যে দুরত্ব তৈরি হচ্ছে দেখে গতকাল দিলীপকে নিজে থেকেই ডেকে পাঠায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।












Click it and Unblock the Notifications