তৃণমূলকে তাড়াতে ভ্যাকসিন তৈরি! ধান বিক্রিতেও কাটমানি, বিস্ফোরক দিলীপ ঘোষ
তৃণমূলকে তাড়াতে ভ্যাকসিন তৈরি! ধান বিক্রিতেও কাটমানি, বিস্ফোরক দিলীপ ঘোষ
দুর্নীতিতে যুক্ত তৃণমূলের (trinamool congress) নেতারা। তাঁরা ভুবনেশ্বরেও ঘুরে এসেছে। একমন্ত্রী একবছর জেলও খেটেছেন। বিজেপি ক্ষমতায় আসলে এরকম আরও দেখা যাবে। দক্ষিণ ২৪ পরগনার কুলপির সভা থেকে এমনটাই মন্তব্য করলেন বিজেপির (bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, তৃণমূলের ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে।

বদলা, বদল দুই-ই হবে
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন দলের কুলপির সভা থেকে তৃণমূলের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ২০২১-এ ক্ষমতায় এসে, বদলা আর বদল দুই-ই হবে। তিনি এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা স্মরণ করিয়েছেন। প্রসঙ্গ ২০১১ সালে ক্ষমতায় আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয়, বদল চাই। কিন্তু ক্ষমতায় আসার পর তা মানা হয়নি। বিরোধীদের প্রতি সন্ত্রাস করা হয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপি দু-নম্বরি কথা বলে না।

তৃণমূলের ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে
দিলীপ ঘোষ এদিন বলেছেন, এখনও করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়নি। কবে তা হবে, নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তৃণমূলের ভ্যাকসিন তৈরি হয়ে গিয়েছে। তা হল বিজেপি। তিনি বলেন, করোনা কবে যাবে তা কেউ বলতে পারে না, কিন্তু ২০২১-এ তৃণমূল যে যাবে, তা সবাই জানেন বলেও মন্তব্য করেন তিনি

পুলিশকে হুঁশিয়ারি
কুলপিতে তিনি স্থানীয় নেতাদের উদ্দেশে বলেছেন, তাঁদেরকে লাল ডায়েরি তিনি দেবেন। তাতে লিখে রাখতে হবে কোন অফিসার মিথ্যা কেস দিচ্ছেন। আর সেই কেস লড়তে গিয়ে কত টাকা খরচ হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর এসবের হিসেব করা হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, জমি, বাড়ি বিক্রি করে সেই টাকা ফেরত দিতে হবে। এদিন তিনি বলেছেন, জেপি নাড্ডার কনভয়ে হামলার জেরে যে খরচ হয়েছে, সব উসুল করা হবে।

দুর্নীতি যুক্ত তৃণমূল নেতারা
এদিন কুলপির সভা থেকে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে ধান বিক্রিতেও রয়েছে কাটমানি। কুইন্টাল প্রতি ১৮০০ টাকার মধ্যে থেকে পাঁচশো টাকা থেকে ছশো টাকা কাটমানি দিতে হয় বলে অভিযোগ করেছেন তিনি। যার একটা অংশ ভাইপোর কাছে যায় বলে অভিযোগ করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন, চাষ নেই, ধান নেই যাঁদের, তাঁরা ধান বিক্রি করছেন। তিনি বলেন, দিন কয়েক আগেও আলুর দাম ছিল কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা। কিন্তু সেই আলু কৃষকরা বিক্রি করেছিলেন ৫ টাকা কেজি। আলুচাষীরা বন্ড পান না, দালালরা নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূলের নেতারা এতটাই দুর্নীতিগ্রস্ত যে অনেকেই ভুবনেশ্বর ঘুরে এসেছে। একমন্ত্রীকে একবছরের বেশি সময় জেলে কাটাতে হয়েছে বলেও উল্লেখ করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications