তৃণমূলের হেভিওয়েট বিধায়কের বিরুদ্ধে এবার ব্যবস্থা, সাধনের পর এবার কে স্ক্যানারে
আম্ফানবিধ্বস্ত বাংলায় রাজ্যের দুই মন্ত্রী সাধন পান্ডে ও ফিরহাদ হাকিমের দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে তৃণমূল কংগ্রেস।
আম্ফানবিধ্বস্ত বাংলায় রাজ্যের দুই মন্ত্রী সাধন পান্ডে ও ফিরহাদ হাকিমের দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে তৃণমূল কংগ্রেস। ফিরহাদের বিরুদ্ধে সরব হওয়ায় বর্ষীয়ান মন্ত্রী সাধন পাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিল তৃণমূল।

তৃণমূলের তরফে সাধন পাণ্ডেকে শোকজ
তৃণমূলের মন্ত্রীদের কোন্দল মেটাতে আসরে নামতে হয় শীর্ষ নেতৃত্বকে। তৃণমূলের তরফে সাধন পাণ্ডেকে শোকজ করা হয়। কেন তিনি দলের শৃঙ্খলা ভঙ্গ করে খুল্লামখুল্লা তাঁরই সতীর্থকে আক্রমণ করে বসলেন তা জানতে চাওয়া হয়েছে। অবিলম্বে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

দলের শৃঙ্খলাভঙ্গ করলে দল ব্যবস্থা নেবে
ফিরহাদ বনাম সাধনের দ্বন্দ্বের মধ্যেই আবার মুখ খোলেন পরেশ পাল। তিনি সাধন পাণ্ডে ও তাঁর মেয়েকে আক্রমণ করে বসেন। এই বিষয়টিও তৃণমূলের নজর এড়ায়নি বলে জানান দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁকেও চিঠি পাঠানো হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় জানান, দলের শৃঙ্খলাভঙ্গ করলে দল ব্যবস্থা নেবে।

দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়!
পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, এই দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানেন দলের শৃঙ্খলা কীভাবে বজায় রাখতে হয়। এ প্রসঙ্গে তিনি দিলীপবাবুদের চুপ থাকার পরামর্শ দেন। পার্থ বলেন, দিলীপবাবুরা তাঁদের নিজেদের দল সামলান। আমাদের দলটার কথা তাঁকে ভাবতে হবে না।

সার্কাসে জোকারের ভূমিকা দিলীপের
পার্থ আরও বলেন, আর কত দিক দেখবেন দিলীপবাবু। তিনি কত সার্কাস করছেন, তা তো আমরাও দেখছি। তাঁর দলের সভাপতির ভূমিকা পালন করবেন নাকি সার্কাসে জোকারের ভূমিকা নেবেন, তা-ই ঠিক করতে পারছেন না দিলীপবাবু। দিলীপবাবুর দলেও পাঁচটা মুখ আছে, তা আগে সামলান।












Click it and Unblock the Notifications