নন্দীগ্রাম ইস্যুতে বুদ্ধবাবুর সঙ্গে কথা বলায় তৃণমূল নাম কেটেছিল শুভেন্দুর? সেই ঘটনা সামনে আনলেন বিরোধী দলনেতা
নন্দীগ্রামে তখন জমি আন্দোলন চলছে। বিধানসভায় বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে তাঁর নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন। শুভেন্দু তখন তৃণমূল কংগ্রেসে। দলকে না জানিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পৌঁছে গিয়েছিলেন তাঁর ঘরে। সেজন্য পরবর্তী সময়ে তাঁকে খেসারতও দিতে হয়।
শুক্রবার বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দু অধিকারী। এখন তিনি বিজেপিতে, রাজ্যের বিরোধী দলনেতা। বুদ্ধবাবু সম্পর্কে টুকরো টুকরো কথা স্মৃতিচারণ করেছেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে নন্দীগ্রামে জমি আন্দোলন ও তাঁদের মধ্যে কথোপকথনের প্রসঙ্গ বিশেষ উল্লেখযোগ্য।

২০০৭ সালের ১২ মার্চ। শুভেন্দু অধিকারী বিধানসভায় বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শুভেন্দু অধিকারীকে নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন। সেই সময় নন্দীগ্রামে জমি আন্দোলন চলছে। সেই পরিস্থিতির কথা বুদ্ধবাবু শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান। শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সেখানে আন্দোলন হচ্ছে লক্ষ্মণ শেঠের বিরুদ্ধে, বুদ্ধবাবুর বিরুদ্ধে নয়। এই আন্দোলন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর নয়।
লক্ষ্মণ শেঠকে সেই সময় সিপিএম থেকে সরানোর কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। যদিও লক্ষ্মণ শেঠ সিপিএমে তারপরেও বহাল তবিয়তে ছিলেন। শুভেন্দু অধিকারীর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করার বিষয়টি ভালো ভাবে তৃণমূল কংগ্রেস নেয়নি। এদিন সেই কথা জানালেন শুভেন্দু।
শাস্তিস্বরূপ তৃণমূল কংগ্রেস বিধানসভায় বক্তার তালিকা থেকে শুভেন্দু অধিকারীর নাম সরিয়ে দিয়েছিল। দুই বছর শুভেন্দু অধিকারীকে বিধানসভায় বলতে দেওয়া হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী ও দলের ভিতরের নির্দেশ মতো পার্থ চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নাম তালিকা থেকে বাদ দিয়েছিলেন। এমনই বক্তব্য তাঁর।
২০০৭ সালের ১২ মার্চ তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভায় শেষ বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। ২০০৯ সালের ৫ জুন তিনি বিধানসভায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। গোটা দুই বছর তাঁকে এক বারের জন্যও তৃণমূল কংগ্রেস বিধানসভায় বক্তব্য রাখতে দেয়নি। এদিন সরাসরি এই কথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা।












Click it and Unblock the Notifications