শুভেন্দুর পর রাজীবের মানভঞ্জন পর্ব চলছে, আরও এক তৃণমূল মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা
শুভেন্দু দল ছেড়ে পাড়ি দিয়েছে বিজেপিতে, তাঁর সঙ্গী হয়েছেন অনেক তাবড় নেতা-নেত্রী। এখনও অনেকে বেসুরো বাজছে রাজ্য রাজনীতিতে। তাঁদের মধ্যে ফের জল্পনা বাড়ালেন রাজ্যের আরও এক মন্ত্রী।
শুভেন্দু দল ছেড়ে পাড়ি দিয়েছে বিজেপিতে, তাঁর সঙ্গী হয়েছেন অনেক তাবড় নেতা-নেত্রী। এখনও অনেকে বেসুরো বাজছে রাজ্য রাজনীতিতে। তাঁদের মধ্যে ফের জল্পনা বাড়ালেন রাজ্যের আরও এক মন্ত্রী। এক মন্ত্রীকে নিয়ে সোমবার সেকেন্ড রাউন্ড আলোচনায় বসেছিলেন মহাসচিব। তার খানিক পরেই আর এক মন্ত্রী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন।

বঙ্গধ্বনি যাত্রায় বেরিয়ে দলের একাংশকে কটাক্ষ মন্ত্রীর
সোমবার নিজের এলাকায় বঙ্গধ্বনি যাত্রায় বেরিয়ে দলের একাংশকে তীব্র কটাক্ষ করলেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে। নাম না করেই শাসক শিবিরের একাংশকে একহাত নিলেন তিনি। এর আগে বিধায়ক পরেশ পালের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন। জড়িয়েছিলেন সাংবাদিক নিগ্রহের ঘটনাতেও। আবার বেসুরো সাধন পাণ্ডে।

'দলনেত্রীর চারপাশে ঘুরলেই নেতা হওয়া যায় না'
মানিকতলায় নিজের এলাকায় দলের কর্মসূচিতে বেরিয়ে সাধন পাণ্ডে বলেন, 'দলনেত্রীর চারপাশে ঘুরলেই নেতা হওয়া যায় না। নেতা মানুষ তৈরি করে, ক্ষমতা মানুষের হাতে।' সাধনবাবুর কথায়, টিভিতে মুখ দেখালেই ক্ষমতাশালী হওয়া যায় না। মানুষ ক্ষমতা তৈরি করে। বাস্তববাদী হতে হবে সকলকে, কে কী কাজ করেছে তাই দিয়েই বিচার হবে কে কত বড় নেতা।

নাম না করে মমতাঘনিষ্ঠ মন্ত্রীর সমালোচনা মন্ত্রীর
সাধন পাণ্ডের সঙ্গে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের দ্বন্দ্ব অন্য মাত্রা নিয়েছিল কিছুদিন আগে। তাঁদের সেই বিবাদ বহুবার প্রকাশ্যেও এসেছে। দলের তরফেও মন্ত্রীকে সাবধান করা হয়েছে। তারপরও মন্ত্রী সুর নরম করেননি। এবার নাম না করে মন্ত্রীর সমালোচনা করে তিনি তার প্রমাণ দিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিজেপিতে যাওয়ার প্রবণতা
সাধনবাবু আচমকাই দলের একাংশকে সরাসরি কটাক্ষ করে বসলেন বঙ্গধ্বনি যাত্রায়। কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে শীলভদ্র দত্ত-সহ তৃণমূলের ছয় বিধায়ক, এক সাংসদ ও অন্যান্য অনেকে যোগ দিয়েছেন বিজেপিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিজেপিতে যাওয়ার প্রবণতা শুরু হয়েছে একুশের আগে।

তৃণমূলের অন্তর্কলহ রোখাই এখন মস্তবড় চ্যালেঞ্জ
এই অবস্থায় সাধন পাণ্ডের মতো বর্ষীয়ান নেতা বেসুরো বাজছেন। দলের বহু নেতার মুখেই শোনা যাচ্ছে দলবিরোধী কথা। ফলে তৃণমূল থেকে আরও নেতার গেরুয়া শিবিরে যাওয়া নিয়ে জল্পনা বাড়ছে। যেমন বাড়ছে সাধন পাণ্ডেকে নিয়ে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্তর্কলহ রোখাই এখন মস্তবড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।












Click it and Unblock the Notifications