সুপ্রিম শুনানির আগে চূড়ান্ত বৈঠকের আহ্বান রাজ্যের, ভিডিওগ্রাফিও ছাড়াই, বল আন্দোলনরত চিকিৎসকদের কোর্টে
RG Kar Incident: আরজি কর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আজ বিকেল পাঁচটায় নিজের বাসভবনে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মর্মে ই-মেল গেল আন্দোলনকারীদের কাছে।
আন্দোলনরত চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা সমস্ত মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। তবে স্বচ্ছ্বতার যে দাবি জুনিয়র চিকিৎসকরা করছিলেন তা মানল না রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের ডাক এই নিয়ে দ্বিতীয়বার। মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের বলেছিলেন, তাঁর বাড়িতে নিরাপত্তাজনিত কারণে লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। তবে পুরো বৈঠকের ভিডিও রেকর্ডিং করা হবে। তবে যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, ফলে সেই রেকর্ডিং এখনই প্রকাশ করা হবে না।
মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ওই ভিডিও রেকর্ডিং রিলিজের আগে তাঁরাও ব্যবহার করবেন না। প্রয়োজনে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ওই ভিডিও প্রকাশের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, তাঁদের সঙ্গে যাঁরা আন্দোলন করছেন তাঁদের কাছে এবং সাধারণ মানুষের মধ্যে ওই বৈঠক সংক্রান্ত সমস্ত স্বচ্ছ্বতা বজায় রাখতেই লাইভ স্ট্রিমিং বা দুই পক্ষের ভিডিওগ্রাফির দাবি।
শনিবার রাতে কালীঘাটে বৈঠকে যোগ দিতে পৌঁছনো আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী এমনও বলেছিলেন যে, বৈঠকের লিখিত কার্যবিবরণী লিপিবদ্ধ হবে। তাতেই উভয় পক্ষের স্বাক্ষর থাকবে। সেটা দিয়ে দেওয়া হবে। এরপর নিজেদের মধ্যে আলোচনা করে এই শর্তে রাজি হন আন্দোলনরত চিকিৎসকরা। কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে বলে সেদিন আর বৈঠক হয়নি।
আজ বিকেল ৫টায় যে বৈঠকের আহ্বান করা হয়েছে তাতে সুপ্রিম কোর্ট যে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেছিল সেটা মনে করিয়ে লেখা হয়েছে পঞ্চম তথা শেষবার বৈঠক ডাকা হচ্ছে। যে প্রতিনিধিদল আগের দিন কালীঘাটে গিয়েছিল, তাদেরই বৈঠকে আমন্ত্রণ জানিয়ে বিকেল পৌনে ৫টার মধ্যে পৌঁছে যেতে বলা হয়েছে।
আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে বিভাজনের দাবিও উঠছে কোনও কোনও মহল থেকে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ অডিও প্রকাশ করে তেমনই দাবি করেছেন। আন্দোলনকারীদের দাবি, তাঁরা সর্বসম্মতভাবেই সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রীর চেয়ারকে তাঁরা সম্মান করেন।
আন্দোলনরত চিকিৎসকরা নিজেদের মধ্যে বৈঠক করছেন। তারপরই তাঁরা বৈঠকে যোগদান নিয়ে সিদ্ধান্ত জানাবেন। বৈঠকের লিপিবদ্ধ কার্যবিবরণী দেওয়ার শর্ত তাঁরা আগের দিনই মেনে নিয়েছিলেন। কিন্তু সেদিন মুখ্যমন্ত্রী ভিডিও রেকর্ডিংয়েরও আশ্বাস দিয়েছিলেন। যদিও সেই শর্তটি নিয়ে আজ স্পষ্ট জানানো হয়েছে, ভিডিওগ্রাফি হবে না। এই আবহে সকলেরই নজর জুনিয়র চিকিৎসকদের সাংবাদিক বৈঠকের দিকে। রাজনৈতিক মহলের অভিমত, কাল সুপ্রিম কোর্টের শুনানির আগে বৈঠক থেকে সদর্থক কোনও পদক্ষেপ নিতেও পারে রাজ্য সরকার।












Click it and Unblock the Notifications