RG Kar Incident: মমতার পদত্যাগের দাবিতে নবান্ন চলো সফলের ডাক ভাইপোর, কোন পথে হাঁটছেন শুভেন্দু?
RG Kar Incident: আরজি কর কাণ্ডে এবার নবান্ন অভিযানের ডাক দিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হলো সংগঠনের তরফে।
গোটা বিষয়টি অন্য মাত্রা পেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচি সফল করার আহ্বান জানান। তাতে শুভেন্দু থাকবেন কিনা তা নিয়েই চলছে জল্পনা।

আরজি কর কাণ্ডের নানা দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা প্রথম থেকে দাবি করে আসছেন, আরজি কর হাসপাতালে ধর্ষণের পর তরুণী চিকিৎসককে খুন করা হলেও সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মমতার সরকার।
শুভেন্দুই নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। যার ফলে ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা ও রাজ্য পুলিশের পাশাপাশি স্বাস্থ্য দফতর সম্পর্কেও চাঞ্চল্যকর নানা তথ্য সামনে এনেছেন শুভেন্দু।
আরজি কর কাণ্ডে প্রতিবাদীদের পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে বলে তাঁদের আইনি সহায়তার বন্দোবস্তও করেছেন বিরোধী দলনেতা। তিনি মুখ্যমন্ত্রী ও কলকাতার নগরপালের পদত্যাগ চেয়েছেন। এমনকী অরাজনৈতিকভাবে নবান্ন অভিযান করা হলে তিনি তাতে সামিল হবেন বলেও জানিয়েছিলেন শুভেন্দু।
তবে আজকের আগে অবধি কেউ নবান্ন চলোর ডাক দেয়নি। কলকাতার ফুটবলপ্রেমীদের উপর পুলিশি নির্যাতনের কথা জেনে শুভেন্দু বলেছিলেন, আপনারাই দেখুন কাদের ভোট দিয়ে জিতিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করবেন না। ওঁকে পদত্যাগ করাতে হবে। নবান্ন অভিযান করা হোক রাজনৈতিক পতাকা দূরে রেখে।
আজ শুভেন্দুর ভাইপো দেবদীপ অধিকারীর পোস্টেও শুভেন্দু অধিকারীর বক্তব্যের ছাপ। দেবদীপ লিখেছেন, "সময় এসে গেছে। আসুন সবাই একত্রিত হই এক ছাতার তলায়। দল-মত নির্বিশেষে,স্বৈরাচারের বিরুদ্ধে জোট বাঁধুন‼️ We are in the EndGame Now."
সেই সঙ্গে দেবদীপ যে কর্মসূচির কথা লিখেছেন তাতে উল্লেখ, ২৭ অগাস্ট নবান্ন চলোর ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের সঙ্গে লেখা দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এই স্লোগানটিও আরজি কর কাণ্ডে বারবার শোনা গিয়েছে শুভেন্দুর মুখে।
দেবদীপ যে বার্তা দিয়েছেন তাতে লেখা রয়েছে, ২৬ অগাস্টের মধ্যে মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে ২৭ অগাস্ট বেলা ২টো থেকে হবে নবান্ন চলো অভিযান। প্রত্যেকের বাড়ি থেকে অন্ততপক্ষে একজন করে আসার আহ্বান জানানো হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে। এমন বার্তাও লেখা হয়েছে যে, কোনও অশান্তি নয়, পাশে থাকুক পুলিশও। এখন দেখার এই কর্মসূচিতে শুভেন্দু অধিকারী নিজে যোগ দেন কিনা। কিংবা আর কারা এই কর্মসূচিতে অংশ নেন।
এই পোস্ট নিয়ে ওয়ানইন্ডিয়াকে দেবদীপ জানান, তিনি একজন ছাত্র। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের কর্মসূচির ডাক তিনি নিজে দেননি। তাঁর কাছে আসা মেসেজ শেয়ার করেছেন। এদিকে, আজও কলকাতা ও বিভিন্ন জেলায় আরজি কর কাণ্ডে ন্যায়বিচারের দাবিতে মিছিলে অংশ নিয়েছেন সমাজের নানা ক্ষেত্রের মানুষজন। ছাত্ররাও সামিল হয়েছেন।
ছাত্র সমাজের এই কর্মসূচি নিয়ে শুভেন্দু বলেন, তৃণমূলে থাকাকালীন বিজেপির কারও বাড়িতে নিমন্ত্রণ রক্ষায় যেতে দেওয়া হতো না। বিজেপিতে তেমন কিছু নেই। যদি ছাত্র সমাজ নবান্ন অভিযান করে তাহলে আমি তাতে যাব। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, ২৬ তারিখের মধ্যে পদত্যাগ করুন। যাতে পুলিশকে গুলি চালাতে না হয়।












Click it and Unblock the Notifications