প্রশান্ত কিশোর দেখালেন তৃণমূল কংগ্রেস নেতারা কে কোথায়, একুশের আগে ‘সমীক্ষা’ রিপোর্ট
প্রশান্ত কিশোর দেখালেন তৃণমূল নেতারা কে কোথায়, একুশের আগে ‘সমীক্ষা’ রিপোর্ট
তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী হিসেবে ২০২১-এর বিধানসভা নির্বাচনের গুরুদায়িত্ব প্রশান্ত কিশোরের হাতে। তাই তৃণমূলে অন্দরের বিভাজন নিয়ে চিন্তিত তিনি। এবার রাখঢাক না রেখে নিজেই সাবধান করলেন তৃণমূল নেতাদের। সমীক্ষা রিপোর্ট দেখিয়ে বুঝিয়ে দিলেন, কার অবস্থান কোথায়, কার ভাবমূর্তি কেমন!

সমীক্ষা রিপোর্ট প্রশান্ত কিশোরের ঢাল
প্রশান্ত কিশোর ভালো চোখে দেখছেন না দলের অন্দরের কোন্দল। তিনি স্বয়ং জেলার নেতাদের সাবধান করে দেন কলকাতার বৈঠকে। তিনি জানান জেলার নেতা-বিধায়কদের বিরোধে জড়িয়ে পড়া ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে শুভলক্ষণ নয়। যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সমীক্ষা রিপোর্ট দেখিয়ে বার্তা দিলেন প্রশান্ত কিশোর।

সমীক্ষা রিপোর্ট দেখিয়ে অবস্থান বর্ণনা
এরপর তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর সমীক্ষা রিপোর্ট ধরে বুঝিয়ে দেন, কোচবিহারে জেলা নেতারা কোন পরিস্থিতিতে রয়েছেন। জেলার বাসিন্দাদের কাছে, দলের সদস্যদের কাছে কার ভাবমূর্তি কেমন, তাও জানিয়ে দেন পিকে। এরপর কোথায় কাকে রাখলে সুবিধা হবে প্রচারে, সেই বার্তাও দেন প্রশান্ত কিশোর।

দুর্নীতিতে অভিযুক্ত ৫, দায়িত্বে অব্যাহতি
এদিন প্রশান্ত কিশোর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সামনে জানিয়ে দেন পাঁচ জন নেতার নাম উঠে এসেছে দুর্নীতিতে। যাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, তাঁদের দলের কোনও দায়িত্ব দেওয়া হবে না বলে জানান পিকে। এই তালিকায় রয়েছে দিনহাটার দু-জন এবং কোচবিহার সদরের দুজনের নাম।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সামনেই কোন্দল
তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সামনে একে অপরের বিরোধিতার বিষয়টি ভালোভাবে নেননি ভোট কৌশলী প্রশান্ত কিশোর। কলকাতার বৈঠকে প্রশান্ত কিশোর ছাড়াও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সির মতো প্রথম সারির নেতারা। সেখানেই প্রশান্ত কিশোর কোচবিহারের তথাকথিত নেতাদের জানিয়ে দেন, এভাবে দলের অন্দরে দ্বন্দ্ব করলে ফল ভালো হবে না। একইসঙ্গে চলতে হবে সবাইকে।

জেলা ও ব্লক কমিটি গঠনে আড়াআড়ি বিভাজন
এই দ্বন্দ্বে একপক্ষে ছিলেন পার্থপ্রতিম রায়, উদয়ন গুহ। অপরপক্ষে ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, মিহির গোস্বামী ছাড়াও ছিলেন পাঁচ বিধায়ক বিনয়কৃষ্ণ বর্মন, হিতেন বর্মন, অর্ঘরায় প্রধান, জহগীশ বসুনিয়া ও ফজল করিম মিয়াঁ। দুই পক্ষই জেলা ও ব্লক কমিটিতে নিজেদের লোকের জন্য সওয়াল করেন।

আর দ্বন্দ্ব নয়, পিকে-কে কথা তৃণমূল নেতাদের
এরপর প্রাক্তন জেলা সভাপতি তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বর্তমান সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক মিহির গোস্বামীরা কথা দিয়ে যান, তাঁরা একসঙ্গে চলবেন। আর কোনওরকম দ্বন্দ্বে তাঁরা নিজেরা জড়িয়ে পড়বেন না। উল্লেখ্য, এই জেলায় বেশ কিছুদিন ধরেই তৃণমূল নেতারা স্ব-স্ব প্রধান হয়ে উঠেছিলেন।












Click it and Unblock the Notifications