পেগাসাস ইস্যুতে মমতা কষলেন কোমর! বিজেপিকে টার্গেটে রেখে সুপ্রিম কোর্টের কাছে কোন অনুরোধ দিদির
২১ জুলাইয়ের মঞ্চ থেকে পর পর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি পরিচালিত কেন্দ্রের মোদী সরকারকে একহাত নিয়েছেন। গতকালই নিজের বক্তব্যে পারদ চড়িয়ে পেগাসাস ইস্যুতে তিনি তোপ দাগেন বিজেপির দিকে। ইতিমধ্যেই দিল্লির রাজনীতি তোলপাড় করে এই ইস্যুতে পারদ চড়িয়েছে কংগ্রেস। তবে এবার মমতা একধাপ এগিয়ে দিলেন বড় বার্তা।

সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি
পেগাসাস ইস্যুতে মমতা সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন জানিয়ে বলেছেন, ' ফোনে আড়িপাতার অভিযোগ নিয়ে ব্যবস্থা নিন। এখন গণতন্ত্র বাঁচাতে পারে শুধু বিচারব্যবস্থা। বিজেপির শাসনে গণতন্ত্র বিপন্ন। ওরা মানুষের অধিকার কেড়ে নিয়েছে।'

সচেতন মমতা
পেগাসাস বিতর্ক নিয়ে মন্তব্যের মাঝেই মমতা মোদীকে টার্গেটে রেখে বলেন, পেগাসাস বিতর্কের পর থেকে তিনি আরও সতর্ক। সচেতনতা অবলম্বন করেই তিনি ফোনে প্লাস্টার করেছেন। মমতা বলেন 'আমি চিদাম্বরমজির সঙ্গে কথা বলতে পারব না , কারণ আমার ফোন ট্যাপ করা হবে। আমার ইচ্ছা করলেও শরদ পাওয়ারের সঙ্গে কথা বলতে পারব না। আমি দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারব না। ফোনে ট্যাপিংয়ের হাত থেকে বাঁচতে আমায় ফোনে প্লাস্টার লাগাতে হচ্ছে। '

কেন্দ্রকে তোপ মমতার
বিজেপিকে নিশানা করতে একচুল জায়গাও ছাড়েননি মমতা। গতকালের সভামঞ্চ থেকে তিনি বলেন, 'দেশে এখন গণতন্ত্রের বদলে ফোন ট্যাপিং চলছে। স্পাইগিরির জন্য কোটি কোটি টাকা খরচ করছে কেন্দ্রের ওঁরা।' এই বার্তা দিয়েই মোদী সরকারের বিরুদ্ধে চরম নিশানা তাক করেন মমতা।

মমতার চরম বার্তা
মমতা শহিদ দিবসের সভামঞ্চ থেকে বলেন, ' এই আড়ি পাতা ভুলবেন না। এই পেগাসাস-কাণ্ডকে থিতিয়ে যেতে দেবেন না শরদজি, চিদম্বরমজি। আপনাদেরও কিন্তু ছেড়ে দেয়নি। আড়ি পেতে নির্বাচন জিতছে। ভাবছে সারা জীবন এ ভাবেই ভোট পাবে!' একই সঙ্গে তাঁর দাবি, একমাত্র বিচারপতিরাই এই দেশকে বাঁচাতে পারেন।












Click it and Unblock the Notifications