বিজেপিতে ভাঙন চলছেই, ২০২১ নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিড়িক বারুইপুরে
বিজেপিতে ভাঙন চলছেই, ২০২১ নির্বাচনের আগে তৃণমূলে যোগদানের হিড়িক বারুইপুরে
মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আহ্বান করেছিলেন যাঁরা বিজেপিতে ভুল করে চলে গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। তৃণমূল তাঁদের স্বাগত জানাতে তৈরি। এমনকী সিপিএম ও কংগ্রেসে গিয়ে থাকলেও ফিরে আসুন। কেননা একমাত্র মানুষের জন্য কাজ করার মাধ্যম এই তৃণমূল কংগ্রেস। তাঁৎ আহ্বানের পরই দলবদলের হিড়িক পড়েছে।

সাড়ে চারশোর বেশি বিজেপি কর্মী তৃণমূলে
প্রতিদিনই নিয়ম করে দলবদল হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের প্রবণতাই বেশি লক্ষ্যণীয় হচ্ছে। রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সাড়ে চারশোর বেশি বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার সকালে ক্যানিং বাসস্ট্যান্ডে এক পথ সভায় এই যোগদান করানো হয়।

ক্যানিং এক নম্বর ব্লকে তৃণমূলে যোগদান
ক্যানিং এক নম্বর ব্লকের গোপালপুর, নিকারিঘাটা, মাতলা ১, তালাদি ও বাঁশড়া গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় সাড়ে চারশো বিজেপি কর্মী এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন তপন সাহা, সুশীল সর্দার। এর আগে শুক্রবার সোনারপুরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন বিজেপিকর্মীরা। এবার বারুইপুরে।

কয়েক হাজার বিজেপি কর্মী যোগদানের অপেক্ষায়
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে কর্মীরা বলেন, বিজেপি রাজ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। মানুষের জন্য কাজ করতেই তাঁরা মমতা বন্দ্যোপাধ্যাযের উন্নয়নযজ্ঞে সামিল হলেন। তৃণমূল দাবি করেছে, জেলার আরও কয়েক হাজার বিজেপি কর্মী তৃণমূলে আসার অপেক্ষায় রয়েছেন। তাঁরাও সম্প্রতি যোগ দেবেন।

করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়ে তৃণমূলে যোগদান
করোনা পরিস্থিতিতে রাজ্যজুড়েই তৃণমূলে যোগদানের প্রবণতা বাড়ছে। জঙ্গমহল থেকে শুরু করে উত্তরবঙ্গজুড়ে যোগদান হচ্ছে। শুক্রবারই তৃণমূলে যোগদান করেন ফুডম্যান চন্দ্রশেখর কুণ্ডু। তারপর বাঁকুড়ার কংগ্রেস নেতা অরুণ পাঠক-সহ ৫৫০ পরিবার। তার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন বিপ্লব মিত্র, প্রশান্ত মিত্র ও হুমায়ুন কবীর।












Click it and Unblock the Notifications