মুকুলকে দরকার নেই বাংলার ভোট-বৈঠকে! দিলীপ তো আছেন, জল্পনা বাড়ালেন নিজেই
মুকুলকে দরকার নেই বাংলার ভোট-বৈঠকে! দিলীপ তো আছেন, জল্পনা বাড়ালেন নিজেই
বিজেপির পাখির চোখ ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পর্যুদস্ত করা। এই নির্বাচনের রূপরেখা তৈরি নিয়ে বৈঠকে মুকুল রায়কে প্রয়োজন নেই! দিলীপ ঘোষ আছেন। কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশজিরা তো আছেন। এমন কথায় জল্পনা জিইয়ে রাখলেন মুকুল রায় নিজেই। স্পষ্ট করে বললেন, ওই বৈঠকে তাঁর না থাকলেও চলত।

কোনও দূরত্ব তৈরি হয়নি কারও সঙ্গে
মুকুলের কথায়, অযথা তাঁকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তিনি বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন। তিনি বিজেপিতে এসে যথেষ্ট সম্মান পেয়েছেন। কোনও দূরত্ব তৈরি হয়নি কারও সঙ্গে। নেহাতই প্রয়োজনের তাগিদে তিনি বৈঠক ছেড়ে চলে এসেছেন। সকলকে জানিয়েই তিনি এসেছেন। তারপর থেকেই নানা জল্পনায় বিভ্রান্তি ছড়িয়েছে।

যাঁদের থাকা দরকার তাঁরা সবাই রয়েছেন
দি্ল্লিতে এখনও বৈঠক চলছে, তাহলে কি ফের তিনি বৈঠকে যোগ দেবেন? এই প্রশ্নের উত্তরেই মুকুল রায় বলেন, এখনই তিনি দিল্লি যাচ্ছেন না। এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ নয়। আরও অনেক গুরুত্বপূর্ণ বৈঠক হবে, তখন তিনি যোগ দেবেন। এখান তিনি না থাকলেও রয়েছেন দিলীপ ঘোষ-কৈলাশ বিজয়বর্গীয়রা। যাঁদের থাকা দরকার তাঁরা সবাই রয়েছেন।

মুকুল পঞ্চায়েত ও লোকসভা নেতা ছিলেন, এবার...
তাহলে কি মুকুল রায় বিজেপির বাংলা দখলের লড়াইয়ে নিজেকে সৈনিক বা সেনাপতি কিছুই ভাবছেন না। নাকি তিনি অধিকমাত্রায় আত্মবিশ্বাসী যে, অমিত শাহরা তাঁর উপরই আস্থা রাখবেন। যতই বৈঠক হোক, যা সিদ্ধান্তই হোক, বিজেপির পরিকল্পনায় তিনিই হবেন নেতা। যেমনটা হয়েছিল পঞ্চায়েত ও লোকসভায়।

দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই
এদিন মুকুল স্পষ্ট দিয়েছেন, দিলীপ ঘোষের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই। মুকুল রায় দাবি করেন, দলে কারও সঙ্গেই তাঁর কোনও ক্ল্যাশ নেই। তৃণমূলে ফিরে যাচ্ছেন বলে প্রচার সর্বেব মিথ্যা, গুজব ছাড়া কিছু নয়। তিনি বিভ্রান্তিকর প্রচার বন্ধ হোক এটাই চান। কেননা ফোন ধরতে ধরতে আর জবাব দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে পড়ছেন।

আপাতত দিল্লি ফিরছেন না, পরে যোগাযোগ
দিল্লি থেকে ফিরে মুকুল রায় এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, আপাতত দিল্লি ফিরছেন না। সোমবার তাঁর চোখে অপারেশন রয়েছে। ফলে তা নিয়েই বেশ কয়েকদিন ব্যস্ত থাকতে হবে তাঁকে। শীর্ষ নেতৃত্বের তরফে ২২ জুলাই তাঁকে দিল্লি যেতে বলা হয়েছিল দু-তিনদিনের জন্য। তিনি জানতেন না এই বৈঠক চলবে আরও বেশি দিন।












Click it and Unblock the Notifications