মুকুল রায়ের নেতৃত্বে বাংলার বিজেপি এখন তৃণমূলের ‘বি’ টিম! কোণঠাসা দিলীপ ব্রিগেড
মুকুলের নেতৃত্বে বাংলার বিজেপি এখন তৃণমূলের ‘বি’ টিম! কোণঠাসা দিলীপ ব্রিগেড
মুকুল রায় প্রভাব বিস্তার করেছেন বঙ্গ বিজেপিতে। ডালপালা আগেই বিস্তার করেছিলেন। এবার শিকড়ে ঢল ঢেলে কাণ্ডও হল শক্তপোক্ত। বাংলায় বিজেপি আদলে মুকুল রায়ের টিমই হয়ে গেল। ক্রমেই কোণঠাসা অবস্থা দিলীপ-ব্রিগেডের। দলের উপরে-নিচে সর্বত্রই তৃণমূল-ত্যাগীদের দাপাদাপি। আদতে বাংলায় বিজেপি এখন তৃণমূলের 'বি'-টিমই।

রাহুল আউট, দিলীপের আধিপ্যতে ভাগ মুকুলের
সম্প্রতি মুকুল রায় সর্বভারতীয় সহসভাপতি মনোনীত হয়েছেন বিজেপির। সেইসঙ্গে তাঁর ডানহাত অনুপম হাজরাকে বসিয়েছেন কেন্দ্রীয় সম্পাদক পদে। আউট হয়ে গিয়েছেন রাহুল সিনহার মতো নেতা। একইসঙ্গে মুকুল রায় বঙ্গ বিজেপিতে দিলীপের ঘোষের আধিপত্যে ভাগ বসিয়ে দিয়েছেন। বঙ্গ বিজেপির পদাধিকারীদের বেশিরভাগই মুকুলপন্থী বর্তমানে।

দিলীপের কমিটিতে ছড়িয়ে রয়েছেন মুকুল-অনুগামীরা
বিজেপির রাজ্য কমিটিতে এতদিন দিলীপ ঘোষ ও রাহুল সিনহার অনুগামীদের প্রাধান্য থাকলেও, এবার মুকুল রায় ডালপালা বিস্তার করেছেন পরিকল্পিতভাবেই। তাঁর অনুগামীরাই বিভিন্ন শাখা সংগঠনের মাথায় বসেছেন। দিলীপ ঘোষের কমিটির সহ সভাপতি, সাধারণ সম্পাদক সম্পাদক পদেও রয়েছেন মুকুল অনুগামী বা তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতা-নেত্রীরা।

তিন বছর পর স্বমহিমায় প্রতিভাত মুকুল রায়
মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার তিন বছর পর পদ পেয়েছেন। তিনি হয়েছেন সর্বভারতীয় সহ সভাপতি। ফলে দিলীপ ঘোষের কাছে আর কোনও কাজে তাঁকে জবাবদিহি করতে হবে না। তার উপর মাথার উপর রয়েছে কেন্দ্রীয় বিজেপির হাত। তার জেরেই তিনি কেন্দ্রীয় সম্পাদক করতে পেরেছেন তাঁর অনুগামী অনুপম হাজরাকে।

দিলীপের টিমে তিনি ঢুকিয়ে দিয়েছেন ঘনিষ্ঠদের
আর রাজ্যে আগেই দিলীপের টিমে তিনি ঢুকিয়ে দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ ও অনুগামী বলে পরিচিত সব্যসাচী দত্ত, সৌমিত্র খাঁ, ভারতী ঘোষ, অর্জুন সিং, দুলাল বর, খগেন মুর্মু, মাফউজা খাতুনদের। রাজ্য কমিটির বিভিন্ন পদে তাঁরা রয়েছেন। ফলে এঁদের উপস্থিতি মুকুল রায়কে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে বাংলায়। মুকুলের অনুগামীদের নিয়ে চলতে বাধ্য হবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মুকুলের হাত ধরে যোগদান করেছিলেন যাঁরা
মুকুল রায় ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপিতে এনেছিলেন ওইসব নেতাদের। তাঁরা প্রায় সবাই ঢুকে গিয়েছেন বিজেপির মেন স্ট্রিমে। সব্যসাচী মুকুল-অন্ত প্রাণ। সৌমিত্র খাঁ বরাবর মুকুল অনুগামী বলে পরিচিত। অর্জুন সিংও এখন মুকুলের দিকে। ভারতী ঘোষও মুকুলের লোক বলে সবাই জানে। মুকুলের লোক বলে দুলাল বর, খগেন মুর্মু, মাফউজা খাতুনরাও মুকুলপন্থী।

একুশের আগে মুকুল সাজিয়ে ফেলেছেন তাঁর টিম
২০২১-এর লক্ষ্যে বঙ্গ বিজেপিতে বড়সড় রদবদল ঘটিয়ে উচ্চস্থান দেওয়া হয়েছে দলত্যাগীদের। মুকুলের হাত ধরে বিজেপিতে এসেছেন যাঁরা একুশের বিধানসভা বিধানসভা নির্বাচনের আগে সবাই তাঁরা বিজেপির এঅকএকজন পদাধিকারী। বিজেপিতে তৃণমূলত্যাগী ও কংগ্রেস-সিপিএম ত্যাগীরা মর্যাদা পেয়েছেন এবং গুরুদায়িত্ব পেয়েছেন। ফলে মুকুল সাজিয়ে ফেলেছেন তাঁর টিম।

মুকুল ঘনিষ্ঠরা কে কোন পদে দিলীপের কমিটিতে
মুকুল ঘনিষ্ঠ বিধানগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিয়ে পেয়েছেন সম্পাদক পদ। অর্জুন সিং হয়েছেন সহ সভাপতি। সৌমিত্র খাঁ হয়েছেন যুব মোর্চার সভাপতি। তৃণমূল ঘনিষ্ঠ ভারতী ঘোষও পেয়েছেন সহ সভাপতির পদ। সিপিএম ছেড়ে আসা মাফুজা খাতুনকে সহ সভাপতি করা হয়েছে বিজেপির।

বিজেপির শাখা সংগঠনের মাথায় সব মকুলের লোক
সিপিএম ত্যাগী নেতা খগেন মুর্মুকে করা হয়েছে এসটি মোর্চার সভাপতি। এসসি মোর্চার সভাপতি করা হয়েছে কংগ্রেস ছেড়ে আসা দুলাল বরকে। সংখ্যালঘু মোর্চার সভাপতি হয়েছে আলি হোসেন। বিজেপির সমস্ত শাখা কমিটির মাথাতেই মুকুল-ঘনিষ্ঠরা বসে পড়েছেন। ফলে মুকুল রায় বিজেপিতে গিয়ে তিন বছরেই শাখা-প্রশাখা বিস্তার করে ফেলেছেন।

অনুপমও সেটেলড, মুকুল অনুগামীদের টিম বিজেপি
বাকি ছিলেন অনুপম হাজরা, তাঁকে বিজেপিতে যোগদান করানোর পর সাংসদ পদপ্রার্থী করেছিলেন ২০১৯-এর লোকসভা নির্বাচনে। কিন্তু তিনি হেরে গিয়েছিলেন। এবার নিজেকে বিজেপিতে উচ্চস্থানে প্রতিষ্ঠিত করার পাশাপাশি অনুপমকেও এনে দিয়েছেন সম্মানজনক পদ। ফলে সমস্ত মুকুল-অনুগামীরাই বিজেপিতে সেটেলড।

লকেট-অগ্নিমিত্রাও তৃণমূল থেকে উঠে আসা ‘তারকা’
বিশেষভাবে উল্লেখযোগ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে উন্নীত হওয়া লকেট চট্টোপাধ্যায়েরও রাজনীতিতে পা তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তার প্রসারবৃদ্ধি হয়। তিনি বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হন। এরপর তিনি সাধারণ সম্পাদক হয়েছেন বিজেপির। আর লকেটের স্থানে এসেছেন আরও এক তৃণমূল-যোগ থাকা তারকা অগ্নিমিত্রা পাল। তিনি হয়েছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী।












Click it and Unblock the Notifications