মমতা গুনে গুনে বিজেপিকে জবাব দেওয়ার পথে! 'উত্তরকন্যায়' রণক্ষেত্রের পর দিদির হাইভোল্টেজ সফর ঘিরে তুঙ্গে পারদ
একদিক পুলিশ, অন্যদিকে বিজেপি কর্মীদের বিক্ষোভ। মাঝখানে ব্যারিকেড। এরপর শুরু হয় বিক্ষুব্ধদের ঠেকাতে পুলিশের উদ্যোগ। মুহূর্তে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপির উত্তরকন্যা অভিযানের সেই দিন এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়। সেই ঘটনার পরই এবার আগামী সপ্তাহে উত্তরবঙ্গে পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মুহূর্তে বিমল গুরুং পাহাড়ে নিজের ক্ষমতা ধরে রাখার প্রমাণের দিকে এগোচ্ছেন, সেই সময়ই মমতার এই অভিযান। বিজেপিকে কীভাবে গুনে গুনে জবাব দিচ্ছেন মমতার স্ট্র্যাটেজি দেখার আগে দেখা যাক দক্ষিণবঙ্গের ছবিটা।

নাড্ডার পরই ভবানীপুরে মমতা
জেপি নাড্ডা বুধবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মসূচিতে যোগ দিয়ে জনসংযোগে জোর দেন। ঠিক তার ২৪ ঘণ্টা পার হতেই মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নিজের কেন্দ্র ভবানীপুরে যাচ্ছেন। জানা গিয়েছে, এদিন দুপুরে তিনি যগুবাবুর বাজারে গিয়ে নিজে স্বাস্থ্যসাথী কার্ড বিলি করবেন।

বিজেপিকে গুনে গুনে জবাব দেওয়ার পালা মমতার!
বিজেপির উত্তরকন্যা অভিযানের ধুন্ধুমার পরিস্থিতির পর এবার আগামী সপ্তাহে সেখানে সফর করছেন মমতা। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর । মূলত, তৃণমূল নেত্রী আগেই ঘোষণা করেন যে, বিজেপি বাংলায় যে জায়গায় সভা করবে, তার পাল্টা সভা করবে তৃণমূল। এর আগে অমিত শাহ বাঁকুড়াতে এসে সভা করার পর মমতা সেখানে সভা করেন। এরপর বিজেপির হাইভোল্টেজ উত্তরকন্যা অভিযানের পর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন। তার আগে নাড্ডার ভবানীপুরের কর্মসূচির পর দিনই আজ ভবানীপুরে দেখা যাবে মমতাকে। ফলে বিজেপিকে গুনে গুনে জবাব দিতে ইতিমধ্যেই কর্মসূচি শুরু করেছেন দিদি।

উত্তরবঙ্গ সফরে মমতা ও কিছু তথ্য সভা ঘিরে
তৃণমূল সূত্রের খবর ১৪ ডিসেম্বর শিলিগুড়িতে পা রাখবেন মমতা। তারপরদিনই চপারে তিনি জলপাইগুড়ি যাবেন। সেখানে এবিপিসি গ্রাউন্ডে থাকবে সভা। ডিসেম্বর ১৬ তারিখে কোচবিহারের রাসমেলার গ্রাউন্ড থেকে তিনি বক্তব্য রাখবেন। তারপর বাগডোগরার পথে তিনি কলকাতা রওনা হবেন।

উত্তরকন্যা অভিযান স্থল থেকে ৩৫ কিমি দূরে মমতার সভা
জানা গিয়েছে, ফুলবাড়ি , যেখানে কয়েকদিন আগেই বিজেপির উত্তরকন্যা অভিযানে দলীয় কর্মী উলেন রায়ের মৃত্যু হয়েছে, সেখান থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে মমতার সভা আয়োজিত হচ্ছে। ফলে মমতার এই আসন্ন সভা যে বিজেপিকে এক্কেবারে বরশায় গাঁথতেই মমতা করতে চলেছেন, তা বলাই বাহুল্য।

মিহির গোস্বামী ফ্যাক্টর ও মমতার সভা
কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে। এবার সেই মিহির গোস্বামীর জমিতে দিদির দাপট জানান দিতেই মমতার রাসমেলার মাঠের সভা ঘিরে তুঙ্গে পারদ। কার্যত এই মঞ্চে জনসমাগমেই তৃণমূল মিহিরপন্থীদের জবাব দিতে চায়। ক্ষমতার লড়াইয়ে কে এগিয়ে , তার মাপতে এই সভা ঘিরে তাৎপর্য বাড়ছে।












Click it and Unblock the Notifications