শুভেন্দুর বিরুদ্ধে রণাঙ্গনে যুযুধান মমতা, নন্দীগ্রামে ঘাঁটি গেড়ে 'মাস্টারপ্ল্যান' যুদ্ধ-জয়ের
শুভেন্দুর বিরুদ্ধে ভোট-রণাঙ্গনে যুযুধান মমতা, রবিবার থেকে পাড়ি জমাচ্ছেন নন্দীগ্রামে
একুশের ভোটে হাইপ্রোফাইল রণাঙ্গন নন্দীগ্রাম। ২০০৭ সালের জমি আন্দোলনের পর ২০২১-এ ফের প্রচারের আলোয় প্রথম সারিতে উঠে এসেছে। সৌজন্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রাক্তন সেনাপতি বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর লড়াই। এই প্রেস্টিজের লড়াই লড়তে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ঘাঁটি গাড়ছেন রবিবার থেকেই।

রবিবার থেকে নন্দীগ্রামেই থাকবেন মমতা
মমতার একা কাঁধে পুরো বাংলার ভোট। তারপর নন্দীগ্রামে তিনি লড়বেন শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। এই লড়াই খানিক গৃহযুদ্ধের মতোই। তাই যে কোনও মূল্যে এই যুদ্ধ জিততে আগ্রহী মমতা ও শুভেন্দু উভয়েই। মমতা বন্দ্যোপাধ্যায় এক জেলা থেকে অন্য জেলায় দৌড়নোর পর রবিবার থেকে নন্দীগ্রামেই থাকবেন।

ভাঙা পায়েই নন্দীগ্রাম মাতাবেন মমতা
মনোনয়ন পর্ব ছাড়া নন্দীগ্রামের প্রার্থী হয়ে নন্দীগ্রামের প্রচারে যাননি মমতা। ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার আগে রবিবার সেখান ঘাঁটি গাড়বেন। এরপর চার-পাঁচদিন নন্দীগ্রামেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্রে এতদিন মনে দিতে পারেননি, এবার তিনি ভাঙা পায়েই নন্দীগ্রামে যাচ্ছেন। তার আগে টিম মমতা নন্দীগ্রামে প্রচার চালাচ্ছে।

নন্দীগ্রামে ঘাঁটি গেড়ে প্রচারে টিম মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রমে প্রার্থী হওয়ার পর রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, দোলা সেন, প্রাক্তনমন্ত্রী পূর্ণেন্দু বসু, কলকাতা পুরসভার বোরো চেয়ারম্যান সুশান্ত ঘোষেরা পড়ে রয়েছেন নন্দীগ্রামে। বাড়ি ভাড়া করে তাঁরা থাকছেন নন্দীগ্রামে। মার্চের প্রথম সপ্তাহ থেকেই মমতার প্রচারে রয়েছেন তাঁরা। এবার নিজে যাচ্ছেন মমতা।

প্রতিকূলতা উড়িয়ে নন্দীগ্রামে ফের রোড শো
রেয়াপাড়াতে বাড়ি ভাড়া নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থাকবেন ১ এপ্রিল ভোট হওয়া পর্যন্ত। তারপর আবার অন্যত্র প্রচার সারবেন তিনি। এই নন্দীগ্রামে রোড শো চলাকালীন পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে এখনও তাঁর পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। তবে সেই প্রতিকূলতা উড়িয়ে তিনি নন্দীগ্রামে ফের রোড শো ও জনসভাও করবেন আবার।

ছোট ছোট সভা করে মমতার উন্নয়নের কথা
নন্দীগ্রামে প্রচারে বেরিয়ে যে আভাস পেয়েছেন টিম মমতার সদস্যরা, তাতে নিশ্চিত ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিক সময়ের অপেক্ষা। তাঁরা প্রচারে বেরিয়ে পথসভাকে বেশি গুরুত্ব দিয়েছেন। কোনও এলাকা ছাড়ছেন না। প্রতি এলাকায় ছোট ছোট সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব উন্নয়নের কথা বলছেন তাঁরা।












Click it and Unblock the Notifications