সারদা কেলেঙ্কারি : অভিমানী মদন, বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের
কলকাতা, ৩ ডিসেম্বর : আদালতে দাঁড়িয়ে ফের বিস্ফোরক মন্তব্য করে শাসক দলের অস্বস্তি বাড়ানোর কাজ করলেন সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।
বুধবার সারদা মামলায় সিবিআই দফতরে হাজির হন তৃণমূল নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই প্রেক্ষিতে এদিন সারদা মামলায় আদালতে হাজির কুণাল ঘোষ কটাক্ষের সুরে জানান, শঙ্কুকে নিয়ে নাটক চলছে। শঙ্কুকে ডেকে কী হবে? শঙ্কুকে যাঁরা পাঠিয়েছিল তাঁদের ডাকুক সিবিআই।

শুধু এখানেই না থেমে কুণালের বোমা, এবার এই কেলেঙ্কারির নেপথ্যে থাকা অধিনায়ককে ডাকা উচিত। কারণ ক্রিকেট দলের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সবটাই ঠিক করে দেয়। তেমনই এই কেলেঙ্কারির যিনি আসল কুশীলব তাঁকে ডাকা হোক। মুখে কারও নাম না নিলেও কুণালের ইঙ্গিত কার দিকে তা স্পষ্ট হয়ে গিয়েছে।
অন্যদিকে, সারদা কেলেঙ্কারি মামলায় জেল হেফাজতের মেয়াদ বাড়ল মদন মিত্রের। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত।
এদিন মদনের জামিনের পক্ষে ফের সওয়াল করেন তার আইনজীবীরা। তবে বিচারক তাতে কর্ণপাত করেননি। ফের জেল হেফাজতের নির্দেশই দেওয়া হয়।
আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময়ে মদনের অনুগামীরা তার নামে স্লোগান দিতে থাকেন ও ফুল ছেটান। যা নিয়ে আপত্তি জানান স্বয়ং মদন মিত্র। এমনকী মুখ্যমন্ত্রী বক্তব্য নিয়ে তাকে প্রশ্ন করা হলে বেশ অভিমানী শোনায় মদন মিত্রের গলা।
মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে জানিয়েছেন, কেউ চুরি করলে দায় সেই ব্যক্তির, দলের নয়। এই বক্তব্য নিয়ে অভিমানী মদনবাবুর ছোট্ট জবাব, 'ঠিকই তো বলেছে'।












Click it and Unblock the Notifications