Kaliganj: কালীগঞ্জে তৃণমূলের বিজয়োল্লাসের বলি, বোমার আঘাতে মৃত্যু বালিকার, কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতার
নদিয়ার কালীগঞ্জে তৃণমূল জিততে না জিততেই বিতর্ক। ভোটের ফলাফল প্রকাশের আগে বিজয় মিছিল বেরিয়েছিল। অভিযোগ, সেখান থেকেই বোমা বিস্ফোরণে এক বালিকার মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত কঠোর শাস্তি দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
তৃণমূলের বিজয় উৎসবের মাঝেই এই ঘটনা ঘটেছে। অভিযোগ এক বিরোধী সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতেই ওই বালিকার প্রাণ গিয়েছে। মুখ্যমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, "কৃষ্ণনগর পুলিশ জেলার বড়চাঁদগড়ে একটি বিস্ফোরণে একটি অল্পবয়সী মেয়ের মৃত্যুতে আমি স্তম্ভিত ও গভীরভাবে শোকাহত। আমার প্রার্থনা ও সমবেদনা এই দুঃখের সময়ে পরিবারের সঙ্গে রয়েছে। পুলিশ দোষীদের বিরুদ্ধে কঠোর এবং দ্রুত আইনি ব্যবস্থা নেবে।"

ঘটনার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করার এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
স্থানীয় সূত্রে খবর, কালীগঞ্জের ভিতরের এলাকায় এই বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনার আকস্মিকতায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। বিজয় উৎসবের মিছিল থেকে বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। মৃত বালিকার নাম তমন্না খাতুন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পুলিশ খুব শীঘ্রই পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকাশ করবে বলে জানিয়েছে। তবে ফলাফলের পরই এমন ঘটনা প্রমাণ করল, বাংলায় আইনশৃঙ্খলায় ফাঁক থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications