রাজ্যের কাছে হার মানতে পারছেন না গুরুং, পাহাড়ে পোস্টারে হারের জ্বালা
পাহাড়ে স্বাভাবিক ছন্দ ফেরার আবহে বিমল গুরুংয়ের সমর্থনে পোস্টার দার্জিলিংয়ে আশঙ্কার কালো মেঘ বয়ে আনল বলে মনে করছেন পাহাড়বাসীরা।
নবান্নে শান্তি বৈঠকের পর যখন বনধ প্রত্যাহারের প্রত্যাশায় দিন গুণছেন পাহাড়বাসী, তখনই বিমল গুরুংয়ের সপক্ষে পোস্টার পড়ল কার্শিয়াংয়ে। মোর্চার আন্দোলনকারী বিমল গুরুংয়ের পক্ষ নিয়ে বনধের সমর্থন পোস্টার দিয়ে জানাল, 'পাহাড়ের বনধ প্রত্যাহার করা হবে না। অনির্দিষ্টকালীন বনধ চলবে। কারণ বিমল গুরুং বনধ চালিয়ে যেতে বলেছেন।'
বনধের সমর্থনে পাহাড়ে মোর্চার এই পোস্টার নিয়েই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শুধু পোস্টার দিয়েই ক্ষান্ত থাকেননি আন্দোলনকারীরা। তাঁরা বৃহস্পতিবার কার্শিয়াংয়ে জনসভাও করবে। বিমল গুরুং সেই জনসভায় উপস্থিত থাকবেন না ঠিকই, কিন্তু ওই সভায় প্রতিধ্বনিত হবে তাঁর কথাই।

মঙ্গলবার নবান্নে পাহাড় নিয়ে বৈঠক পাহাড়বাসীর মনে সদর্থক ভাবনা এনে দিয়েছে। পাহাড়ে স্বাভাবিক ছন্দ ফেরার প্রত্যাশায় দিন গুণতে শুরু করছে তাঁরা। ঠিক সেইসময় বিমল গুরুংয়ের সমর্থনে এই পোস্টার দার্জিলিংয়ে আশঙ্কার কালো মেঘ বয়ে আনল বলে মনে করছেন পাহাড়বাসীরা। সেইসঙ্গে এই পোস্টার মোর্চার বিভাজনও স্পষ্ট করে দিল।
মোর্চার আন্দরে বিমল গুরুং ও বিনয় তামাংয়ের দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। আগে বিমল গুরুং অডিও বার্তায় সতর্ক করেছিলেন বিনয় তামাংদের। বলেছিলেন, কোনওমতেই তিনি গোর্খাল্যান্ড ছাড়া অন্য কোনও প্রসঙ্গে আলোচনা বরদাস্ত করবেন না। গোর্খাল্যান্ড ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা হলে তার খারাপ প্রভাব পড়বে পাহাড়ে।
এমনকী নবান্নে বৈঠকের পরই তিনি পাহাড় থেকে হুঙ্কার ছুড়েছিলেন, পাহাড়ে অনির্দিষ্টকালীন বনধ এখনই তোলা হবে না। পাহাড়ে বনধ চলবে। আর এদিন পোস্টার সাঁটিয়ে তাঁর সমর্থনকারীরা বলছেন, বিমল গুরুং বলেছেন যখন, তখন বনধ চলবেই। এর মাধ্যমে পাহাড়ে মোর্চা বনাম রাজ্যের যুদ্ধের পাশাপাশি আর একটি যুদ্ধ অবধারিত হয়ে গেল, তা হল বিমল গুরুং বনাম মোর্চা লড়াই।












Click it and Unblock the Notifications