রাজ চক্রবর্তীর প্রচারের পরই গুলি চলল টিটাগড় বাজারে, নিশানায় মণীশ শুক্লা ঘনিষ্ঠ
গুলি-বোমা-বারুদে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য৷ এক বিজেপি সমর্থককে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ আহত ব্যক্তির নাম ওয়াই মধুরাম৷ তিনি পেশায় দর্জি৷ বর্তমানে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷ টিটাগড় বাজারের ঘটনা৷

বিজেপির দাবি
স্থানীয় এক বিজেপি কর্মীর দাবি, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় তৃণমূল আশ্রিত তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়৷ ইতিমধ্যে দুষ্কৃতীদের শনাক্ত করেছেন বিজেপি কর্মীরা৷ অভিযুক্তরা তাঁর পেট লক্ষ্য করে গুলি চালায়৷ যার জেরে তাঁর পাঁজরের ঠিক নীচে গুলি লাগে৷ ঘটনার আকস্মিকতায় দোকানের সামনেই তিনি লুটিয়ে পড়েন৷ গুলির আওয়াজ পেয়ে আশপাশের দোকানদাররা ছুটে আসেন৷ তাঁরা জখম মধুরামকে উদ্ধার করে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল৷

রাজ চক্রবর্তীর প্রচারের পরই বিজেপি কর্মীর উপর হামলা
ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্র মণি শুক্লার দাবি, টিটাগড়ে একটি নির্বাচনী প্রচারে এসেছিলেন রাজ চক্রবর্তী৷ তাঁর ফিরে যাওয়ার পরই রাত সাড়ে আটটার সময় মধুরামের উপর হামলা চালায় তৃণমূলের তিনজন গুণ্ডা৷ গুলিবিদ্ধ ব্যবসায়ী প্রয়াত বিজেপি নেতা মণীশ শুক্লার ঘনিষ্ঠ বলেও দাবি করেন তিনি৷ তাঁর দোকান থেকেই মণীশ জামাকাপড় বানাতেন৷ নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্যই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি৷

তৃণমূলের পাল্টা দাবি
অন্যদিকে , টিটাগড় পৌরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরীর দাবি, এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগাযোগ নেই৷ নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন চন্দ্রমণি শুক্লা৷












Click it and Unblock the Notifications