Nusrat Jahan: ফ্ল্যাট প্রতারণা মামলায় ED তলব নুসরতকে, কবে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে?
এবার ইডির নজরে অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় তলব করা হল অভিনেত্রী নুসরত জাহানকে। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। আগামী মঙ্গলবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।
শুধু নুসরত জাহান নয় কোম্পানির ডিরেক্টর রাকেশ সিংকেও তলব করেছে ইডি। অগাস্ট মাসে সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে ২৪ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। ইডির দফতরে তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয়েছিল।

অভিনেত্রী সাংসদ নুসরত জাহান সেই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। অভিযোগ টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর করা হয়নি। যদিও প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী দাবি করেছিলেন তিনি একটি টাকাও সংস্থার থেকে নেননি। যে টাকা তিনি নিয়েছিলেন সেিট ঋণ বাবদ নিয়েছিলেন তিনি। পরে সুদ সহ সেই টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি। এবং ২০ বছর আগের তিনি সেই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। তারপরে আর সেই সংস্থার সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না।
২০১৪-১৫ সালে সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অভিনেত্রী নুসরত জাহান। সেই সংস্থা ব্যাঙ্ক কর্মীদের ফ্ল্যাট তৈরি করে দেওয়ার নাম করে টাকা তোলে। কিন্তু কোনও ফ্ল্যাট তারা হাতে পাননি বলে অভিযোগ। ২ কামরার ফ্ল্যাট দেওয়ার নাম করে ৫০০ জনের কাছে টাকা তোলা হয়েছিল। কিন্তু এতো বছর পরেও সেই ব্যাঙ্ক কর্মীরা ফ্ল্যাট পাননি বলে অভিযোগ।
তবে নুসরত জাহান নাকি বিপুল অঙ্কের টাকা দিয়ে পাম অ্যাভিনিউয়ে একটি ফ্ল্যাট কিনেছিলেন। তারপরেই ব্যাঙ্ক কর্মীরা গড়িয়া হাট থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন কিন্তু থানা সেই অভিযোগ নেয়নি। তারপরে আলিপুর আদালতে গিয়ে সরাসরি মামলা দায়ের করেন তাঁরা। সেই সময় আদালত তাঁকে সমন পাঠালেও হাজিরা এড়িয়ে যান অভিনেত্রী। সেই মামলাতেই এবার ইডি তলব করা হল অভিনেত্রী সাংসদ নুসরত জাহানকে।












Click it and Unblock the Notifications