বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে দুর্যোগ, বৃষ্টিতে কতটা বিপাকে পড়বে বাংলা?
পশ্চিমবঙ্গে কি আবার দুর্যোগের ছায়া? আবার নিম্নচাপের বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা? এই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠছে মঙ্গলবার। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার বেলা থেকেই কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।
সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। মাঝেমধ্যেই মেঘ ডাকার আওয়াজ পাওয়া গিয়েছে। বেলা বাড়তে রোদের তেজ হারিয়ে যায়। ঠান্ডা বাতাস বইতে থাকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে। তারপরেই শুরু হয়ে যায় হালকা ও মাঝারি বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় বেড়ে গিয়েছে।

বুধবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। মধ্য বঙ্গোপসাগরের উপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয়ভাবে অবস্থান করছে। তার জেরে ফের বৃষ্টি হবে বাংলায়। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে। উপকূল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির বেগ বেশি থাকবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতে মাঝারি বৃষ্টি হবে৷ ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। সেই সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপরের অংশের জেলাগুলিতে। এছাড়াও মালদহ, দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়িতে।












Click it and Unblock the Notifications