দুধে সোনা বিতর্কে সমালোচকদের কার্যত 'গাধা' সম্বোধন! প্রমাণ করে দেখাক ভুল বলেছেন, চ্যালেঞ্জ দিলীপের
ফের বেফাঁস মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তাঁর মন্তব্য, গরুর দুধে সোনা আছে, এর বিরোধিতা যাঁরা করেছিলেন, তাঁদের কার্যত গাধা বলেই সম্বোধন করলেন দিলীপ ঘোষ।
ফের বেফাঁস মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। গরুর দুধে সোনা আছে, এই বক্তব্যের বিরোধিতা যাঁরা করেছিলেন, তাঁদের কার্যত গাধা বলেই সম্বোধন করলেন দিলীপ ঘোষ। প্রকাশিত খবর অনুযায়ী, তিনি বলেছেন, যাঁরা এসব করছেন, তাঁরা গরুর চেয়েও কম বোঝেন। দিলীপ ঘোষের চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করে দেখাক, তিনি ভুল বলেছেন।

'গরুর চেয়ে কম বোঝেন'
দেশি গরুর দুধে সোনা আছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের পর অনেকেই গোল্ড লোন নিতে গিয়েছেন গরু নিয়ে। এই কথা দিলীপ ঘোষের কানেও গিয়েছে। দিলীপ ঘোষের কটাক্ষ এসব যাঁরা করছেন, তাঁরা গরুর চেয়েও কম বোঝেন।

ফের দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য
তিনি এখানেই থেমে যাননি। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, গাধারা যেমন গরু সম্পর্কে কিছুই জানে না, ঠিক তেমনই অনেকেই গরু নিয়ে কিছু বোঝে না।

দিলীপ ঘোষের চ্যালেঞ্জ
সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে চ্যালেঞ্জও করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, তিনি যে ভুল বলেছেন, তা কেউ প্রমাণ করে দেখাক। একই সঙ্গে তিনি জানিয়েছেন, নিজে প্রতিদিন গরুর দুধ খেয়ে থাকেন।

গরুর কুঁজে স্বর্ণনাড়ি, সোশ্যাল মিডিয়ায় শোরগোল
গত সপ্তাহে বর্ধমানে এক অনুষ্ঠানে গিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, গরুর পিঠের কুঁজে স্বর্ণনাড়ি আছে। তাই দেশি গরুর দুধ সোনালি হয়। দিলীপ ঘোষের নানা মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিরোধী রাজনৈতিক দলের ছোট বড় নেতারা বিষয়টি নিয়ে মজা করেন। তবে দিলীপ ঘোষকে এতদিন তাঁর কোনও উত্তর দিতে দেখা যায়নি।

দিলীপ ঘোষের কটাক্ষ
তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে মজা চলছে, সেই বিষয়টিও জানেন দিলীপ ঘোষ। তবে তিনি এই ঘটনার কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, কিছু লোক আছে, যাঁদের কথার কেউ গুরুত্ব দেয়। সোশ্যাল মিডিয়ায় তাঁরাই বিপ্লব করার চেষ্টা করেন বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications